রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েডাকাত ধরতে গিয়ে দুই পুলিশ আহত

ডাকাত ধরতে গিয়ে দুই পুলিশ আহত

দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলায় মনমথপুর গ্রামে দুর্বৃত্তদের ছোড়া ককটেলের আঘাতে দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। পুলিশের ভাষ্য, ডাকাতদের ছোড়া ককটেলে দুই পুলিশ কর্মকর্তা আহত হন। আহতেরা হলেন, পার্বতীপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. সাদেকুজ্জামান এবং মো. মানিক উদ্দিন। তাদেরকে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে।

পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিরউদ্দিন মণ্ডলের ভাষ্য, গতকাল রাত আড়াইটার দিকে ৫ নং চন্ডিপুর ইউনিয়নের কৃষক আবুল হোসেনের বাড়িতে ডাকাতি হচ্ছে বলে খবর পায় পুলিশ। খবর পেয়ে ওসি থানার দুই এএসআই ও কয়েকজন কনস্টবলকে নিয়ে ঘটনাস্থলে যান। তবে সেসময় ‘ডাকাত’রা পালিয়ে গেছে।

ওসি নাসিরউদ্দিন আরও বলেন, ঘটনাস্থল থেকে থানায় ফেরার পথে পুলিশ খবর পায় ‘ডাকাত’ দলটি পার্বতীপুর উপজেলার মনমথপুর ইউনিয়ন এলাকায় আছে। সেখানে গিয়ে ‘ডাকাত’ দলকে ঘিরে ফেললে পুলিশকে লক্ষ্য করে তারা ককটেল ছোড়ে। এ সময় দুজন এএসআই পায়ে আঘাত পান। ঘটনাস্থল থেকে পুলিশ ডাকাতির অভিযোগে তিনজনকে আটক করেছে। তারা হলেন, দিনাজপুর শহরের ৭ নং উপশহর এলাকার মো. রেজাউল ইসলাম (৪৮), দক্ষিন রামনগর এলাকার মো. ফরিদ (২৭) এবং হাকিমপুর উপজেলার বৈগ্রাম এলাকার মো. ফরহাদ (২২)। বাকিরা পালিয়ে গেছে।

আরও পড়ুন

সর্বশেষ