রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েঢাকা বিভাগসাভার-আশুলিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ২০

সাভার-আশুলিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ২০

সাভার-আশুলিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও কমপক্ষে ২০ যাত্রী আহত হয়েছে। শুক্রবার দুপুরে সাভারের হেমায়েতপুর, উলাইল ও আশুলিয়ার ডিইপিজেড এবং নন্দন পার্ক এলাকায় এ হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের নাম অঙ্কন (৩০)। তবে অপরজনের নাম জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সুত্রে জানা যায়, শুক্রবার দুপুর ১ টার দিকে শিল্পাঞ্চল আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের নন্দন পার্কের সামনে অঙ্কন (৩০) নামে এক মোটরসাইকেল আরোহীক ধাক্কা দেয় দুর পাল্লার একটি যাত্রীবাহী বাস। এসময় অঙ্কন মহাসড়কের পার্শ্বে ছিটকে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাভারের একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একই সময়ে শিল্পাঞ্চল আশুলিয়ার ডিইপিজেড এলাকায় রাস্তা পার হওয়ার সময় বাস চাপায় অজ্ঞাতপরিচয়ে এক নারীর মৃত্যু হয়। প্রাথমিকভাবে ওই নারীর নাম পরিচয় জানা যায়নি।

এদিকে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর এলাকায় পানিবাহী একটি পিকআপ ভ্যানের সঙ্গে হানিফ এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এছাড়াও দুপুর ৩ টায় সাভারের উলাইল এলাকায় একটি কাভার্ড ভ্যানের সঙ্গে বরযাত্রীর বাসের সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও বাসযাত্রী জয়নাল জানান, মানিকগঞ্জের অরঙ্গাবাদ এলাকা থেকে ৩০ বরযাত্রী নিয়ে ঢাকা বালিরটেক নামক বাসটি (ঢাকা মেট্রো-চ-৭১৭৮) সাভারের আমিন কমিউনিটি সেন্টারে যাচ্ছিল। বাসটি উলাইল বাসস্ট্যান্ড এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা আরএফএল কোম্পানির একটি  কভার্ডভ্যানের (নরসিংদি ম-১১-০০৯৬) সঙ্গে সংঘর্ষ হয়। এসময় কাভার্ডভ্যানটি ছিটকে মহাসড়কের পাশে একটি রিক্সাকে চাপা দিলে রিক্সায় থাকা দুই যাত্রী, রিক্সা চালক আব্দুল খালেক ও এক শিুশুসহ কমপক্ষে ১০ যাত্রী আহত হন। এঘটনায় স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

এব্যাপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) খন্দকার মো. শামসুজ্জামান জানান, পৃথক সড়ক দুর্ঘটনায় আহত যাত্রীদেরকে উদ্ধার করে বিভিন্ন ক্লিনিকে পাঠানো হয়েছে। পাশাপাশি দুর্ঘটনাকবলিত গাড়িগুলোকে আটক করে থানায় আনা হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ