ঈদ উপলক্ষে টানা নয় দিনের ছুটির ফাঁদে পড়তে যাচ্ছে দেশ। ঈদের ছুটি মূলত তিন দিনের হলেও আগে-পরে সাপ্তাহিক ছুটি এবং অঘোষিত ছুটিতে টানা নয় দিন রাজধানী ঢাকা থাকবে অনেকটাই ফাঁকা। আর তাই প্রিয়জনের সঙ্গে ঈদ করতে আজ বৃহস্পতিবারই ঘরমুখে ছুটতে শুরু করেছে মানুষ। এতে গাবতলী বাস টার্মিনালসহ রাজধানীর অন্য বাস টার্মিনাল ও সদরঘাট লঞ্চ টার্মিনালেও মানুষের ভিড় লক্ষ করা গেছে। এ জন্য এসব এলাকার সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
এবার ২৯ জুলাই সম্ভাব্য ঈদুল ফিতর ধরে ২৮ থেকে ৩০ জুলাই ঈদের ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছুটি থাকবে সোম, মঙ্গল ও বুধবার তিন দিন। এর আগে ও পরে রোব ও বৃহস্পতিবার এক দিন করে অফিস রয়েছে। ছুটির আগে ও পরে এই দুই দিন অফিসে একরকম অঘোষিত ছুটি থাকবে। সে হিসাবে ছুটি শুরু হচ্ছে আগামীকাল থেকেই। চলবে ২ আগস্ট পর্যন্ত।
বৃহস্পতিবার বিকেল চারটার দিকে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, সেখানে ঘরমুখো মানুষের ভিড়। দুপুরের পর থেকেই আসতে শুরু করেছে যাত্রীরা। রাতে গাড়ি ছাড়ার সময় নির্ধারিত থাকলেও অনেকে বিকেলের মধ্যেই বিভিন্ন বাস কাউন্টারে আসতে শুরু করেছে। এ কারণে দুপুরের পর রাজধানীর কলেজগেট এলাকা থেকে গাবতলী, মিরপুর-১ থেকে টেকনিক্যাল মোড়, মিরপুর-১ থেকে মাজার রোড সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। যানজটের কারণে অনেককে হেঁটে যেতে দেখা গেছে।
গাবতলীতে গাইবান্ধার আবদুস সালামের সঙ্গে কথা হয়েছে এই প্রতিবেদকের। এবার ঈদে লম্বা ছুটিতে বাড়িতে যাচ্ছেন তিনি। রাত আটটায় গাবতলী থেকে তাঁর গাড়ি ছাড়ার কথা থাকলেও তিনি বিকেলেই কাউন্টারে এসেছেন। তিনি বলেন, ‘যানজটের কথা মাথায় রেখে দুপুরের পরই বাসা থেকে বের হয়েছি। যানজটের কারণে শ্যামলী থেকে হেঁটে গাবতলী এসেছি।’ আবদুস সালামের মতো আরও অনেকে একই ভাবে হেঁটে বাস কাউন্টারে আসছেন। গাবতলী ছাড়াও মহাখালী বাস টার্মিনাল, সায়েদাবাদ বাস টার্মিনাল, গুলিস্তানে ঘরমুখো মানুষের ভিড় লক্ষ করা গেছে। এসব এলাকার সড়কগুলোতে তীব্র যানজটের খবর পাওয়া গেছে।




