ছোট-বড় কোনো ভেদাভেদ নয়, গণতন্ত্র রক্ষায় সকল রাজনৈতিক দল ও দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও ২০ দলীয় জোটনেতা খালেদা জিয়া। মঙ্গলবার রাজধানীর পান্থপথের সামারাই কনভেনশন সেন্টারে বিকল্প ধারা বাংলাদেশ আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।খালেদা জিয়া বলেন, বিশ্ব বেহায়াসহ সকল বেয়াহা এক হয়েছে। এই বেয়াহাদের খপ্পর থেকে দেশকে রক্ষা করতে হবে।
বিএনপি চেয়ারপারসন বলেন, দেশ এখন কঠিন সময় পার করছে। উন্নয়ন নেই, গণতন্ত্র নেই, শান্তি নেই, আছে লুটপাট-দুর্নীতি খুন-গুম-অপহরণ। এই অবস্থা থেকে দেশকে রক্ষায় ছোট-বড় কোনো ভেদাভেদ নয়, সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ আন্দোলনই গণতন্ত্র ফিরিয়ে আনবে।
বিকল্প ধারার চেয়ারম্যান ড. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর সভাপতিত্বে ইফতার মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক উল হক, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গণি, এম কে আনোয়ার, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিকল্প ধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, যুগ্ম-মহাসচিব মাহী বি চৌধুরী প্রমুখ।
ইফতার মাহফিলে যোগ দেওয়া বিএনপি চেয়ারপারসনসহ সকলকে ধন্যবাদ জানিয়ে বিকল্প ধারার চেয়ারম্যান বদরুদ্দোজা চৌধুরী বলেন, দেশে জালিম সরকার চেপে বসেছে। আমাদের উচিত হবে নিজেদের দোষ-ত্রুটির ক্ষমা চেয়ে জালিমদের ন্যায়ের পথে-গণতন্ত্রের পথে ফিরিয়ে আনার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা।




