আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘সমুদ্রসীমার রায়ে আমরা অত্যন্ত খুশি। কোনো প্রতিবাদ ছাড়াই ভারত এ রায় মেনে নেওয়ায় তাদেরকে ধন্যবাদ। আইনের মাধ্যমে আমরা ন্যায্য হিস্যা আদায় করেছি। বুধবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের আনন্দ শোভাযাত্রার আগে সমাবেশে সৈয়দ আশরাফ এ কথা বলেন। ভারতের সঙ্গে সমুদ্র বিজয় উপলক্ষে এ আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়। বঙ্গবন্ধু অ্যাভিনিউ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে পল্টন মোড়-প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
সৈয়দ আশরাফ বলেন, ‘আমরা কারোর সঙ্গে শত্রুতা চাই না। ভারত প্রতিবাদ ছাড়া এ রায় মেনে নিয়েছে, এ জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। যুদ্ধ করে কোনো সমস্যার সমাধান হয় না। ইরাক, আফগানিস্তান যুদ্ধে কোনো সমাধান আসেনি। ইসরাইল-প্যালেস্টাইন ৬০ বছর ধরে যুদ্ধ করলেও কোনো সমাধান হয়নি। একমাত্র আলোচনার মাধ্যমেই সব সমস্যার সমাধান হয়। আমাদের দর্শন, সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে শত্রুতা নয়। এটাই আমাদের বড় অর্জন।’
মন্ত্রী বলেন, ‘এ অর্জন কারও জয় নয়। আমরা আইনের আশ্রয় নিয়ে এটা অর্জন করেছি। আলোচনার মাধ্যমে এটার সমস্যা সমাধান না হওয়ায় আদালতে গিয়েছি। তবে এতে ভারত কিংবা এর আগে মিয়ানমার, কারোরই পরাজয় হয়নি। এ রায় মিয়ানমার ও ভারত মেনে নিয়েছে।’
দলটির সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, ‘বিএনপি বলছে তালপট্টি গেল কই? সেটা তো ১৯৮৬ সালেই সমুদ্রগর্ভে বিলীন হয়ে গেছে। যে জিনিস নাই, সেটা নিয়ে তাদের আহাজারি?’
দলটির সভাপতিমণ্ডলীর আরেক সদস্য আবদুল লতিফ সিদ্দিকী বলেন, ‘সব অর্জনের ব্যবহার জানতে হবে। এ জন্য পরিবেশ প্রয়োজন। জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করতেই পারলেই বড় অর্জনের সাফল্য আসবে।’ ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের নেতা মাহবুব উল আলম হানিফ, হাছান মাহমুদ, মোফাজ্জল হোসেন চৌধুরী, কামরুল ইসলাম, খালিদ মাহমুদ চৌধুরী প্রমুখ।




