আগামী ২০ রমজানের মধ্যে জুলাই মাসের বেতনসহ বকেয়া ভাতা পরিশোধের দাবি জানিয়েছে তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশন আয়োজিত এক মানববন্ধনে তারা এই দাবি জানান। এসময় সংগঠনের সভাপতি মো. বাহারানে সুলতান বাহার বলেন, ঈদ এলেই বেতন বোনাস দেওয়া নিয়ে গার্মেন্টস মালিকেরা তালবাহানা শুরু করে। বেতন না পেয়ে শ্রমিক অসন্তোষ দেখা দিলে পুলিশ ও সন্ত্রাসী দিয়ে তাদের নির্যাতন করানো হয় এবং অকারণে ছাঁটাই করা হয়।
অবিলম্বে এসব তালবাহানা বন্ধ করে শ্রমিকদের ২০ রমজানের মধ্যে বেতন ভাতা দিয়ে এবং কারখানায় সুষ্ঠু কাজের পরিবেশ অব্যাহত রাখার দাবি জানান তিনি। এসময় সি টিএল গার্মেন্টসসহ দেশের সব বন্ধ গার্মেন্টস খুলে দেওয়ার দাবি জানান তিনি।
তিনি বলেন, গত ৩ মাস ধরে তোবা গ্রুপের কোনো শ্রমিককে বেতন-ভাতা দেওয়া হচ্ছে না। ওই কারখানার মালিক (তাজরীনের এমডি) দেলোয়ার জেলে থাকায় শ্রমিকরা বেতন পাচ্ছেন না। তাই শ্রমিকদের স্বার্থে অবিলম্বে তাকে জামিনে মুক্ত করতে হবে।
মানববন্ধনে সংহতি বক্তব্য দেন বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় নেতা এম আশরাফ সরকার, গার্মেন্টস শ্রমিক নেতা আলমগীর রনি, মাহতাব উদ্দিন শহিদ, জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় নেতা মো. সারোয়ার হোসেন প্রমুখ।




