রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদরাজনীতিসুইস ব্যাংকে টাকার মালিক হচ্ছে আওয়ামী লীগ : মির্জা ফখরুল

সুইস ব্যাংকে টাকার মালিক হচ্ছে আওয়ামী লীগ : মির্জা ফখরুল

সুইস ব্যাংকের টাকা আসলে কাদের তালিকা প্রকাশ করার জন্য আন্তর্জাতিক তদন্ত দাবি করেছে বিএনপি। রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএনপির নেতা চৌধুরী আলম অপহরণের ৪ বছর উপলক্ষে তাকে ফিরিয়ে দেওয়ার দাবিতে আয়োজিত আলোচনা সভায় এ তদন্তের দাবি জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আলোচনা সভায় মির্জা ফখরুল চৌধুরী আলমকে দ্রুত ফিরিয়ে দেওয়ারও দাবি জানান।

মির্জা ফখরুল বলেন, সুইস ব্যাংকের এ টাকার মালিক হচ্ছে আওয়ামী লীগ। সুতরাং এ কাজের তদন্ত যদি তারা নিজেরাই করে তাহলে টাকার মূল মালিক কে দেশের জনগণ জানতে পারবে না। তাই আমরা আন্তর্জাতিকভাবে তদন্তের দাবি জানাচ্ছি। তিনি বলেন, আওয়মী লীগ এখন জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিএনপি আন্দোলন করলে তারা ‍ক্ষমতায় থাকতে পারবে না। বিএনপি নেতা চৌধুরী আলম একজন সাহসী নেতা ছিলেন। এ গুম র্যাব করেছে বলেও দাবি করেন তিনি। বাংলাদেশে গুমের ‍অধ্যায় সৃষ্টি করেছে আওয়ামী লীগ। বিএনপির মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে চৌধুরী আলমকে গুম করা হয়। গত বছর এরকম ২৪ জনতে গুম করা হয়েছে দাবি করে ফখরুল বলেন, আমরা বুঝতে পারিনি তাহলে আমরা আগে থেকেই সজাগ থাকতাম।

ফখরুল বলেন, সরকার খুন, গুম হত্যা করে দেশের রাজনীতিকে ভয়ঙ্কর পরিস্থিতিতে ফেলে দিয়েছে। দেশে আতঙ্ক সৃষ্টি হয়েছে। সরকারের এসকল কর্মকাণ্ডে দেশের মানুষ ভীত অবস্থায় রয়েছে। সরকার খুন, গুম করে তাদের ফ্যাসিবাদের পরিচয় দিচ্ছে। তিনি বলেন, চৌধুরী আলম গুম হওয়ার পর তার পরিবারের সদস্য ব্যাংক থেকে কোনো টাকা তুলতে পারছেন না। পরিবারের সদস্যরা টাকার অভাবে রয়েছে। তারা কোনো ব্যবসা বাণিজ্য করতে পারছেন না।

বাংলাদেশে গুমের রাষ্ট্রে পরিণত হয়েছে দাবি করে ফখরুল বলেন, বিচারের বাণী নিভৃতে কাঁদে। বিচার সরকার পক্ষের এমপি-মন্ত্রীদের এক রকম আর বিরোধী দলীয় নেতাকর্মীদের অন্যরকম। তারা দেশে গণতন্ত্রের নামে ত্রাসের রাজত্ব কায়েম করেছে।  মির্জা ফখরুল বলেন, সরকারের মন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ জাতীয় সংসদে সন্ত্রাসের পক্ষে কথা বলছেন। এতে মনে হয় এটা একটা সন্ত্রাসী দলের কর্মকাণ্ড। সরকারের আচরণে দেশের মানুষ পুড়ে অঙ্গার হয়ে যাচ্ছে।

বাজেট নিয়ে তিনি বলেন, এ বাজেট সরকারের লুটপাটের বাজেট। তারা ব্যাংকগুলো এমন ভাবে লুট করছে ব্যাংকগুলো এখন দেউলিয়া হয়ে যাচ্ছে। আর তারা এখন নীতির কথা বলছেন। তারা বিভিন্ন ব্যাংকের টাকা লুটপাট করে বিভিন্ন দেশে বাড়িঘর করেছেন। আর তারাই আবার প্রশ্ন করেন সুইস ব্যাংকে টাকা কার। আমরা এর আন্তর্জাতিক তদন্ত দাবি করছি। এ সরকারের বিরুদ্ধে প্রত্যেক পাড়া-মহল্লায় দুর্বার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান মির্জা ফখরুল।

শাহবাগ থানা বিএনপির আহ্বায়ক আবুল আহসান তালুকদার ননীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক এ জেডএম জাহিদ হোসেন, যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম প্রমুখ।

প্রসঙ্গত রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‍আলোচনা সভায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সুইস ব্যাংকে কার কি টাকা আছে তা দেশে ফিরিয়ে আনা হবে। শুধু তাই নয়, টাকা পাচারে যারা জড়িত তাদেরও বিচারের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে।

আরও পড়ুন

সর্বশেষ