শনিবার, আগস্ট ১৫, ২০২৬
প্রচ্ছদজাতীয়বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় বৈঠক

বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় বৈঠক

তিনদিনের ঢাকা সফরের প্রথম দিন পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীর সঙ্গে ৪৫ মিনিটের দ্বিপাক্ষিক বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। বৈঠক শেষে তিনি রওয়ানা দিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্দেশে। সেখানে শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। বৃহস্পতিবার সকাল ১০টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক শুরু হয়ে শেষ হয় ১০টা ৪৫ মিনিটে। বৈঠকে আরও উপস্থিত ছিলেন ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং, বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ শরণ,  ভারতে বাংলাদেশের হাইকমিশনার তারেক এ করিমও ও পররাষ্ট্র সচিব শহীদুল হক।

তবে বৈঠক শেষে সংবাদ মাধ্যমকে কিছু জানানো হয়নি। এ বিষয়ে দুপুর আড়াইটায় মন্ত্রণালয়ে একটি প্রেস ব্রিফিং করবেন পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী। ব্রিফিংয়ে বৈঠকের আলোচনা বিষয়ে জানানো হবে।

এর আগে সকাল ৯টা ৪৫ মিনিটে সুষমা স্বরাজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছান। এসময় তাকে লাল গালিচা সংবর্ধনা দিয়ে স্বাগত জানান পররাষ্ট্র সচিব শহীদুল হক ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের পর সন্ধ্যায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডি আয়োজিত সেমিনারে বক্তৃতা করবেন সুষমা স্বরাজ।  তিনদিনের সফরে তিনি রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গেও সাক্ষাৎ করবেন।

বুধবার দিনগত রাত সাড়ে ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে একটি বিশেষ ফ্লাইটে তিনি ঢাকা এসে পৌঁছান। এসময় পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী তাকে শুভেচ্ছা জানান। এছাড়া পররাষ্ট্র সচিব শহীদুল হক, বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ শরণ এবং ভারতে বাংলাদেশের হাইকমিশনার তারেক এ করিমও তাকে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন।

ঢাকায় নেমেই এক প্রশ্নের জবাবে বলেন, ভারতের পক্ষ থেকে বাংলাদেশের সব জনগণকে শুভকামনা জানাচ্ছি। বাংলাদেশ ও ভারতের বন্ধুত্ব আরো দৃঢ় হবে। বিজেপির নেতৃত্বাধীন নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর ভারতের শীর্ষ পর্যায়ের কোনো নেতার এটাই প্রথম বাংলাদেশে সফর। ভারতের পররাষ্ট্রমন্ত্রীর এ সফরটিকে বেশ গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ।

সূত্রে জানা যায়, বৈঠকে তিস্তা ও ফেনী নদীর পানিবণ্টন চুক্তি, ল্যান্ড বাউন্ডারি চুক্তি, ভিসা সহজীকরণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা কর‍া হবে। এছাড়া সুষমা স্বরাজের সঙ্গে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গহওর রিজভী, অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান ছাড়াও সরকারের উচ্চ পর্যায়ের নেতাদের সঙ্গে একাধিক বৈঠক আয়োজনের প্রস্তুতি চলছে।  শুক্রবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের বৈঠকের কথা রয়েছে।

শেষ মুহূর্তে সুষমা স্বরাজের কর্মসূচিতে নতুন দুটি বিষয় যুক্ত হয়েছে। এর মধ্যে একটি বৃহস্পতিবার হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠক এবং ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন। সফরকালে তিনি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নয়াদিল্লি সফরের আমন্ত্রণ পত্র প্রধানমন্ত্রীকে হস্তান্তর করবেন বলে জানা যায়।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ