তিনদিনের সফর শেষে ঢাকা ত্যাগ করলেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন।সকাল আটটায় হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিশেষ উড়োজাহাজে তিনি বাংলাদেশ ত্যাগ করেন। বিমানবন্দরে তাকে বিদায় জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে তিনদিনের সরকারি সফরে সোমবার সকালে ঢাকা পৌঁছান কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন। বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে হুন সেনকে অভিনন্দন জানান শেখ হাসিনা। এ সময় তিনবাহিনীর একটি চৌকস দল হুন সেনকে গার্ড অব অনার এবং রাষ্ট্রীয় সালাম জানায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তিনি গার্ড পরিদর্শন এবং সালাম গ্রহণ করেন। এ সময় দুই দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়। বিমানবন্দরে আরও উপস্থিত ছিলেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম। বিমানবন্দরে উষ্ণ অভিনন্দন জানানোর পর কম্বোডিয়ার প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রা সহকারে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে নেয়া হয়। বাংলাদেশে অবস্থানকালে তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন করেন এবং পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। নগরীর বৌদ্ধ বিহারও পরিদর্শন করেন কম্বোডীয় প্রধানমন্ত্রী।



