ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আজীবন সম্মানিত সদস্য হিসেবে ঘোষণা করা হয়েছে। শনিবার দুপুরে শেখ হাসিনার ৩৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় সংগঠনের এক সমাবেশে এ ঘোষণা করা হয়।
জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওমর শরীফ বলেন, সভাপতির অনুমতি নিয়ে এ ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সদস্য ছিলেন। তাঁর বর্তমান কর্মকাণ্ডে সংগঠন গর্বিত। তাই তাঁকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আজীবন সম্মানিত সদস্য করা হয়েছে।
সমাবেশের আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উদ্যোগে মধুর ক্যানটিন থেকে একটি আনন্দমিছিল বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে অপরাজেয় বাংলায় এই সমাবেশ করে। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান, সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম, সহ-সভাপতি জয়দেব নন্দী, যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল কবির প্রমুখ।




