শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
প্রচ্ছদআরো খবর......শামসুল ইসলামসহ ২১ জন কারাগারে, শিবির নিয়ন্ত্রিত দুই কলেজে পুলিশী অভিযান

শামসুল ইসলামসহ ২১ জন কারাগারে, শিবির নিয়ন্ত্রিত দুই কলেজে পুলিশী অভিযান

চট্টগ্রাম অফিস (বিডি সময় ২৪ ডটকম)

চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির ও সাবেক সাংসদ আ ন ম শামসুল ইসলাম ও সেক্রেটারি নজরুল ইসলামসহ আটক হওয়া ২১ জনকে কারাগারে পাঠিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। একইসঙ্গে তাদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের সাতদিনের রিমান্ডের আবেদনের উপর শুনানির জন্য ১৮ মে সময় নির্ধারণ করেছেন আদালত।মঙ্গলবা র চট্টগ্রাম মহানগর হাকিম রহমত আলী এসব আদেশ দেন।

নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার মুহাম্মদ রেজাউল মাসুদ  বলেন, সাবেক সাংসদ শামসুল ইসলামসহ ২১ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। তাদের রিমান্ডে নেয়ার আবেদনের শুনানি হবে ১৮ মে। এর আগে মঙ্গলবার বিকেল পৌনে ৩টার দিকে কঠোর নিরাপত্তার মধ্যে কোতয়ালী থানা থেকে চট্টগ্রাম আদালতে হাজির করা হয়। তাদের মহানগর হাকিম রহমত আলীর আদালতে নেয়া হলে জামায়াত নেতাদের আইনজীবীরা জামিনের আবেদন জানান। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে প্রেরণের আদেশ দেন।

সোমবার বিকেলে নগরীর দেওয়ানবাজার এলাকায় জামায়াতের কার্যালয়ে এক বৈঠক থেকে ২১ জনকে আটক করা হয়। এসময় তল্লাশি চালিয়ে বেশকিছু বিস্ফোরকও উদ্ধার করা হয়। আটক হওয়া ২১ জনের মধ্যে আছেন, নগর জামায়াতের আমির আ ন ম শামসুল ইসলাম, সেক্রেটারি নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক আ জ ম ওবায়দুল্লাহ, প্রচার সম্পাদক মোহাম্মদ উল্লাহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড.হাবিবুর রহমান, দক্ষিণ জেলা জামায়াত কার্যালয়ের কর্মচারী মো.মাঈনুদ্দিন ও নগর জামায়াতের কার্যালয়ের কর্মচারী আবু বক্কর সিদ্দিক, চট্টগ্রাম বন্দরের কর্মচারী আব্দুল হাকিম, বিজ্ঞান ও শিল্প গবেষণাগারের (বিসিএসআইআর) কর্মচারী এবিএম মনিরুজ্জামান, জামায়াত কার্যালয়ের মসজিদের মুয়াজ্জিন মো.সেলিম উদ্দিন, নগর জামায়াতের সদস্য জাকির হোসেন, ডা.সৈয়দ মো.আলম, আইয়ূব আলী ও আব্দুল মতিন, পতেঙ্গা ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক আব্দুল মোতালেব, ইসলামিয়া একাডেমির কর্মচারী সিদ্দিকুর রহমান, দেওয়ানবাজার ওয়ার্ড জামায়াতের প্রচার সম্পাদক শাহ আলম, দেওয়ানবাজার মসজিদের খাদেম ইব্রাহিম এবং জামায়াতের সক্রিয় সদস্য তৌহিদুল আলম, আবুল হাশেম ও ফারুক আজম।

জামায়াত কার্যালয় থেকে উদ্ধার করা বিস্ফোরকের মধ্যে আছে, দেড় কেজি পটাশ, দুই লিটার পেট্রল এবং বেশ কয়েকটি বোতল। সোমবার গভীর রাতে কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এস আই) ইমাম হোসেন বাদি হয়ে সন্ত্রাসবিরোধী আইনের ৬ এর ১ (ক) ধারায় আটক ২১ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় ২১ জনকে গ্রেপ্তার দেখিয়ে তাদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাতদিনের রিমান্ডের আবেদন জানান তদন্তকারী কর্মকর্তা এস আই রফিকুল ইসলাম।

নগরীর শিবির নিয়ন্ত্রিত চট্টগ্রাম কলেজ ও মহসিন কলেজে বিশেষ অভিযান চালিয়ে শিবিরকর্মী সন্দেহে ৩ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর তিনটার পুলিশ এ অভিযান চালায়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত  অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মনজুর মোরশেদ জানান, আগামীকাল বুধবার জামায়াতের ডাকা হরতালের সম্ভাব্য নাশকতা এড়াতে এ বিশেষ অভিযান চালানো হয়েছে। অভিযানে সিএমপি ও মহানগর গোয়েন্দা পুলিশের আট প্লাটুন সদস্য অংশ নেয়।

“দু’টি কলেজই শিবির নিয়ন্ত্রিত। হরতালে নাশকতা মোকাবেলার প্রস্তুতি হিসেবেই অভিযান চালানো হয়েছে। অভিযানে সন্দেহ জনকভাবে তিন জনকে আটক করা হয়েছে। তাদের যাচাই-বাছাই করা হচ্ছে।’ গত সোমবার নগর জামায়াত কার্যালয়ে অভিযান চালিয়ে পুলিশ সাবেক সংসদ সদস্য ও নগর জামায়াতের আমীর আ ন ম শামসুল ইসলামসহ ২১ নেতা কর্মীকে আটক করে। এর প্রতিবাদে আগামীকাল বুধবার বৃহত্তর চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে সংগঠনটি।

আরও পড়ুন

সর্বশেষ