বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদআরো খবর......অবশেষে কাজে ফিরছেন বারডেমের চিকিৎসকেরা

অবশেষে কাজে ফিরছেন বারডেমের চিকিৎসকেরা

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

অবশেষে কাজে ফিরছেন বারডেম হাসপাতালের চিকিত্সকেরা। আজ বুধবার বিকেলে আন্দোলনরত চিকিত্সকেরা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন। আন্দোলনরত চিকিত্সকেরা জানান, চিকিত্সকদের ওপর হামলার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলেই তাঁরা কাজে ফিরে যাবেন বলে ঘোষণা দিয়েছিলেন। অভিযুক্ত পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করে নেওয়ায় তাঁদের দাবি আংশিক পূরণ হয়েছে।

এর আগে ১৩ এপ্রিল রাতে সিরাজুল ইসলাম নামের এক ব্যক্তির মৃত্যুতে তাঁর স্বজন পরিচয়ে ৬০-৭০ জনের একটি দল চিকিত্সকদের ওপর হামলা চালায়। ওই ঘটনায় অতিরিক্ত পুলিশ পরিদর্শক মাসুদ হোসেন ও সাবেক প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের ব্যক্তিগত কর্মকর্তা বাবু ইন্ধন দেন বলে অভিযোগ করেন চিকিত্সকেরা। তাঁরা এ দুজনের বিচার চান। আজ বিকেলে মাসুদ হোসেনকে প্রত্যাহার করা হয়েছে, এ খবরে চিকিত্সকেরা কর্মবিরতি প্রত্যাহার করে নেন।

এর আগে আজ দুপুর ১২টার দিকে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম অভিযুক্ত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা না নিলে পুলিশ হাসপাতালে সহযোগিতা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন। গতকাল তিনি ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খানকে। আজ সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি তদন্ত দল হাসপাতালে আসে।

চিকিত্সকদের দাবির পরিপ্রেক্ষিতে আজ পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়। তথ্যটি প্রথম আলোকে নিশ্চিত করেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. মাসুদুর রহমান।

প্রসঙ্গত গত দুদিন বারডেম হাসপাতালে বহির্বিভাগে চিকিত্সাসেবা বন্ধ থাকায় ব্যাপক দুর্ভোগে পড়েন রোগীরা। প্রতিদিন বারডেমের বহির্বিভাগে সাড়ে চার হাজার রোগী সেবা নেন। এ দিকে গতকাল এক সংবাদ সম্মেলনে মৃত সিরাজুল ইসলামের মেয়ে ফারহানান নাসরিন বলেন, পুলিশ কর্মকর্তা মাসুদ হোসেন তাঁর চাচা। ২২ দিন আগে তাঁর মা মারা গেছেন। চাচা মাসুদ এসেছিলেন মৃতদেহ গ্রহণ করতে।

আরও পড়ুন

সর্বশেষ