রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদআরো খবর......রক্তের বন্ধনে দুই বাংলা

রক্তের বন্ধনে দুই বাংলা

সাইকেল র‌্যালীতে অংশ নিয়ে বাংলাদেশি ১০জন সাইক্লিস্ট কলকাতায় স্বেচ্ছায় রক্তদান করেছেন। একইভাবে পশ্চিম বাংলার ১৫ জন সাইক্লিস্ট চট্টগ্রামে স্বেচ্চা রক্তদান করেন। এইভাবে ‘রক্তের বন্ধনে দুই বাংলা’ সম্প্রীতির বন্ধনকে আরো দৃঢ় করবে বলে মনে করছেন তারা। মঙ্গলবার দুপুরে নগরীর ডিসি হিলে এ রক্তদান কর্মর্সূচি অনুষ্ঠিত হয়।

বাংলা নববর্ষকে রক্তের বন্ধনে বরণ করতে প্রতিবারের মতো এবারো ফুটবল লাভার্স অ্যাসোসিয়েশন ‘সম্প্রীতি যাত্রা-২০১৪’ শীর্ষক সাইকেল শোভাযাত্রার আয়োজন করে। এতে সহযোগিতা করে বাংলাদেশ ক্রীড়া মন্ত্রণালয়। ‘রক্তস্নাত এই বাংলায় রক্তের অভাবে আর একটি জীবনও যেন নিভে না যায়’ এ শ্লোগানে নগরীর ডিসি হিলে ভারত-বাংলাদেশ এর সাইক্লিস্টদের রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ভারতের অল ইন্ডিয়া ফুটবল লাভার্স অ্যাসোসিয়েশন আয়োজিত এ কর্মসূচিতে সহযোগিতা করে ফাতেমা বেগম রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্র। কর্মসূচির শুরুতে শুভেচ্ছা বক্তব্যে ফাতেমা বেগম রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রের ইনচার্জ ডা.মিনহাজ উদ্দিন তাহের বলেন, সব মানুষ এখন টাকার পেছনে ছুটছে। ফলে মানুষের কল্যাণে কারো নজর নেই। তিনি বলেন, যে টাকা মানুষের জীবন বাঁচাতে পারে না, সে টাকার প্রয়োজন কী।

ভারতীয় সাইক্লিস্টদের রক্তদান কর্মসূচির প্রশংসা করে নগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার(অপরাধ ও অভিযান) বনজ কুমার মজুমদার বলেন,‘এটি খুবই ভালো উদ্যোগ। কারণ আমাদের দেশে রক্ত নিয়ে ব্যবসা হয়। রক্তের প্রয়োজন হলে অসহায় হয়ে পড়ে মানুষ। ফলে এ ধরণের কার্যক্রম হলে এ ব্যবসা বন্ধ হবে।’

দেশে এ ধরণের কার্যক্রম আরো বাড়বে বলে প্রত্যাশা করেন তিনি। বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতি পশ্চিম বঙ্গকে এগিয়ে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন ভারতের অল ইন্ডিয়া ফুটবল লাভার্স অ্যাসোসিয়েশনের সচিব মিহির দাশ।

অনুষ্ঠানে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও তারা আসেননি।

আরও পড়ুন

সর্বশেষ