রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়দ্রুত বিচার আইনের মেয়াদ বাড়লো পাঁচ বছর

দ্রুত বিচার আইনের মেয়াদ বাড়লো পাঁচ বছর

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

দশম সংসদে দ্রুত বিচার সংশোধন আইন ২০১৪ পাস হয়েছে সংসদে। এর মাধ্যমে আইনটির মেয়াদ বাড়লো আরও পাঁচ বছর আর পাস হওয়া এটি প্রথম বিল। বৃহস্পতিবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে চলা সংসদ অধিবেশনে বিলটি পাসের প্রস্তাব উত্থাপন করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পরে তা কণ্ঠভোটে পাস হয়। সংসদ সদস্য রুস্তম আলী ফরাজী বিলটি জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব জমা দিলেও তার অনুপস্থিতির কারণে তা উত্থাপিত হয়নি।

বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০২ সালে দ্রুত বিচার আইন পাশের পর তা দুই বছরের জন্য কার্যকর করা হয়। এরপর বিভিন্ন সময়ে এ আইনের মেয়াদ দুই বছর করে বাড়ান হয়। সর্বশেষ ২০১২ সালে আরও দুই বছর আইনটি বলবত রাখার সিদ্ধান্ত হয়। আগামী ৭ এপ্রিল এই আইনের মেয়াদ শেষ হওয়ার কথা। কিন্তু সরকার ইতোমধ্যে আইনটির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। সর্বশেষ গত ১৭ ফেব্রুয়ারি মন্ত্রিসভার বৈঠকে আইনটির মেয়াদ ৪ বছর বাড়ানোর প্রস্তাব করলে বৈঠকে ৫ বছর মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়। সেই আলোকে গত ৩০ মার্চ সংসদে সংশোধিত বিলটি উত্থাপন করা হয়।

গত রোববার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পক্ষে বিলটি সংসদে উত্থাপন করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। পরে এটি পরীক্ষা নিরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেয়ার জন্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

উল্লেখ্য, চারদলীয় জোট সরকারের সময়ে ২০০২ সালে দ্রুত বিচার আইন জারি করে দুই বছরের জন্য তা কার্যকর করা হয়। এরপর বিভিন্ন সময়ে সংসদের অনুমোদন নিয়ে এ আইনের মেয়াদ বাড়ানো হয়েছে। সর্বশেষ ২০১২ সালে আরো দুই বছর আইনটি বলবৎ রাখার সিদ্ধান্ত হয়।

বিদ্যমান আইন অনুযায়ী, প্রমাণিত হলে দুই থেকে পাঁচ বছর সশ্রম কারাদন্ড ও অর্থদন্ড হতে পারে। এ আইনে ১২০ দিনের মধ্যে বিচারকাজ নিষ্পত্তি করার বিধান আছে। এই সময়ের মধ্যে নিষ্পত্তি করা না গেলে আরও ৬০ দিন সময় পাওয়া যাবে।

আরও পড়ুন

সর্বশেষ