শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রচ্ছদজাতীয়মান্নান খানের দুদকের কাছে সময় প্রার্থনা

মান্নান খানের দুদকের কাছে সময় প্রার্থনা

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মান্নান খান ও তার স্ত্রী সৈয়দা হাসিনা সুলতানা সম্পদের বিবরণী দাখিলের জন্য আরো ৭ কর্মদিবস সময় চেয়েছেন।  সোমবার বিকেলে তাদের আবেদন দুর্নীতি দমন কমিশনের হাতে পৌঁছায়। কমিশন তা মঞ্জুরও করে। সম্পদ বিবরণী দাখিলের জন্য বেধে দেওয়া সময়ের প্রথম সাত কার্যদিবসের শেষ দিন ছিলো সোমবার।

গত ১৮ মার্চ মান্নান খান দম্পতির সম্পদ বিবরণী চেয়ে নোটিশ দিয়েছিলো দুদক।  নোটিশ প্রাপ্তির সাত কার্যদিবসের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করতে বলা হয় তাতে। তবে দুদক বিধি অনুযায়ী আবেদন করায় বিবরণী দাখিলের আরো সাত কার্যদিবস সময় পেলেন তারা।

দুদক সূত্র জানায়, গত ১৩ মার্চ সাড়ে ৯  কোটি টাকার সম্পদের সন্দেহজনক উৎস সনাক্ত করে মান্নান খান দম্পতির বিরুদ্ধে অনুসন্ধান প্রতিবেদন দাখিল করেন অনুসন্ধান কর্মকর্তা নাসির উদ্দিন। প্রতিবেদনে তিনি মান্নান দম্পতির সম্পদ বিবরণী চেয়ে নোটিশ প্রদানের সুপারিশ করেন।

এদিকে সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান ও তার স্ত্রী-পুত্রের সম্পদ বিবরণী দাখিলের সময়সীমা বৃদ্ধির আবেদনের বিষয়ে কমিশন কোনো সিদ্ধান্ত দেয়নি। গত ২৭ মার্চ তিনি সময় দ্বিতীয় দফা সময় বৃদ্ধির আবেদন করেন বলে জানা গেছে। প্রথম দফায় বর্ধিত সময় আগামি ৩ এপ্রিল শেষ হবে। তার আগেই তিনি দ্বিতীয় দফা সময় বৃদ্ধির আবেদন করেন। দুদক আইনে দ্বিতীয়বার সময় বৃদ্ধির আবেদনের কোনো সুযোগ না থাকলেও মাহবুবুর রহমান তার স্ত্রী প্রীতি হায়দার বর্তমানে অস্ট্রেলিয়া রয়েছেন-মর্মে কারণ দেখিয়ে সম্পদ বিবরণী দাখিলের সময় প্রার্থনা করেন আবারো। বিষয়টির সঙ্গে আইনী প্রশ্ন জড়িত থাকায়  আবেদনটির বিষয়ে কোনো সিদ্ধান্ত দিতে পারেনি দুদক। এছাড়া সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক রোববার সম্পদ বিবরণী দাখিল করে পরে তা সংশোধনের জন্য ফেরত নিয়ে গেছেন বলে জানা গেছে।

দশম জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় অস্বাভাবিক সম্পদের তথ্য উল্লেখ করায় দুদক সরকারদলীয় যে ৭ ভিআইপির দুর্নীতি অনুসন্ধান শুরু করে আব্দুল মান্নান খান ও মাহবুবুর রহমান তাদের অন্যতম।  অনুসন্ধানে  জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ থাকার বিষয়টি প্রতীয়মান হওয়ায়  তাদের সম্পদ বিবরণী চাওয়া হয়।

আরও পড়ুন

সর্বশেষ