জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, ‘সরকার পাঁচ বছর থাকবে কি না, সেটা নির্ভর করবে বিএনপির আন্দোলনের ওপর। তবে যে পরিস্থিতি দেখছি, তাতে মনে হচ্ছে সরকার পাঁচ বছরই ক্ষমতায় থাকবে।’ রোববার রংপুর সদর উপজেলার বিভিন্ন পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
এরশাদ বলেন, ৫ জানুয়ারি কি রকম নির্বাচন হয়েছে তা বলার প্রয়োজন নেই। অবস্থা দেখে মনে হচ্ছে এ সরকার ৫ বছর ক্ষমতায় থাকবে। আমিও আগামী ৫ বছর এলাকার জনগনের সেবা করতে চাই।
এরশাদ লাহিড়ি হাটে চৌরাস্তার মোড়ে পথ সভায় বক্তৃতা দেওয়ার সময় রংপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে সুলতানা আখতার কল্পনা, ভাইস চেয়ারম্যান পদে মাসুদার রহমান মিলন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে কাকলী বেগমকে তার মনোনীত প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দিয়ে তাদের পক্ষে জনগণের কাছে ভোট প্রার্থনা করেন।
উপজেলা জাপার সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে পথসভায় জেলা জাপার সভাপতি আবুল মাসুদ চৌধুরী নান্টু মহানগর সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন কাদেরীসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।




