বগুড়ার আদমদীঘি রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো- আদমদীঘি উপজেলার সুদিন গ্রামের মাসকাটা পাড়ার মো. রব্বানীর দেড় বছরের শিশু তাহমিনা আকতার ও মো. হাবিব (০৩)।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বিকেল সাড়ে ৪ টার দিকে শিশু তহমিনা ও হাবিব সকলের অগোচরে খেলার ছলে রেল লাইনের উপরে চলে আসে। এ সময় লালমনিহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী লালমনি এক্সপ্রেক্স ট্রেনের সঙ্গে তাদের সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। বগুড়ার আদমদীঘি থানার উপ-পরিদর্শক(এসআই) মো. দুলাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এদিকে একই পরিবারের দুই শিশুর মর্মান্তিক মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।




