রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়জাতীয় সংগীতকে অবমাননা ও বাঙালির চেতনায় আঘাত করেছেনখালেদা জিয়া

জাতীয় সংগীতকে অবমাননা ও বাঙালির চেতনায় আঘাত করেছেনখালেদা জিয়া

জাতীয় সংগীত নিয়ে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এমপি। তিনি বলেছেন, বিএনপি চেয়ারপার্সন লাখো কণ্ঠে সোনার বাংলার আয়োজন নিয়ে জাতীয় সংগীতকে কটাক্ষ করে বক্তব্য দিয়ে জাতীয় সংগীতকে অবমাননা ও বাঙালির চেতনায় আঘাত করেছেন।

রোববার আওয়ামী লীগ দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক প্রতিবাদলিপিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কথা বলেন। ‘শত কোটি টাকা খরচ করে জাতীয় সঙ্গীত গাইলে লাভ হবে না এবং গণঅভ্যুত্থানে সরকারের বিদায় গিনেস বুকে উঠবে’ খালেদা জিয়ার এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের এ প্রতিবাদ লিপি।

প্রতিবাদলিপিতে খালেদা জিয়ার বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, বাঙালির জাতিসত্ত্বাকে পদদলিত করার অপচেষ্টা চালিয়েছেন, ২৬ মার্চ স্বাধীনতা দিবসের চেতনাকে খাটো করার চেষ্টা চালিয়েছেন তিনি। বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে স্বাধীনতা অর্জনকারী বাঙালি জাতি খালেদা জিয়ার বক্তব্য ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে বলে দাবি করেন তিনি।

আশরাফুল ইসলাম বলেন, ভারতে ট্রেনিং নেওয়া মুক্তিযোদ্ধাদের শরণার্থী বলে বাংলার শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চালিয়েছেন খালেদা জিয়া। বিএনপির উপজেলা নির্বাচনে অংশ নেওয়া প্রসঙ্গে প্রতিবাদলিপিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, একদিন খালেদা জিয়া দাম্ভিকতার সঙ্গে বলেছিলেন, এই নির্বাচন কমিশন এবং এই সরকারের অধীনে তারা কোনো নির্বাচনে অংশগ্রহণ করবেন না। তারা যে দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করে ভুল করেছিলেন উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করেই সেটি প্রমাণ করেছেন। বিএনপির উপজেলা নির্বাচনে অংশগ্রহণ প্রমাণ করেছে, এ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব।

আরও পড়ুন

সর্বশেষ