স্পোর্টস ডেস্ক (বিডি সময় ২৪ ডটকম)
টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্ণাঢ্য এই আয়োজন সফল করতে দেশবাসীকে বিশেষ করে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী। উদ্বোধনী বক্তৃতায় দেশি-বিদেশি খেলোয়াড়, আইসিসি’র কর্মকর্তাবৃন্দ, এ আয়োজনের সঙ্গে যুক্ত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, যখন যে এলাকার ভেন্যুতে খেলা হবে, তখন সে এলাকার সবাইকে বিশেষ করে যুবসমাজকে এগিয়ে আসতে হবে বর্নাঢ্য এই আয়োজন সফল করতে। এর মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি সারা বিশ্বে উজ্জ্বল হবে আরো। শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশ অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের দেশ। এখানে আছে বিশ্বের সবচেয়ে বৃহত্তম সমুদ্র সৈকত। আছে ম্যানগ্রোভ ফরেস্ট-সুন্দরবন। আছে চা বাগান। খাল-বিল নদী-নালা।’ প্রধানমন্ত্রী এর আগে ‘বিসিবি সেলিব্রেশন কনসার্ট’ উপভোগ করেন। টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে কনসার্টটির আয়োজন করা হয়।




