ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, দেশের বর্তমান উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতি এবং চলমান বৈশ্বিক মন্দার প্রত্যক্ষ প্রভাব রাজস্ব আদায়ের উপর পড়ার কারণে সরকার কর্তৃক স্থিরকৃত রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে না। বুধবার সন্ধ্যায় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি একথা বলেন।
আওয়ামী লীগের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, বিগত বছরের একই সময়ের তুলনায় বৈদেশিক মুদ্রার বিনিময় হার পাঁচ থেকে ছয় শতাংশ হ্রাস পেয়েছে। ফলে আমদানি পর্যায়ের রাজস্ব প্রবৃদ্ধির এই নেতিবাচক প্রভাব পড়েছে।
এছাড়া গত বছরের তুলনায় আয়কর রিটার্ণ ও রিটার্ণের সাথে আদায়কৃত আয়কর কম হওয়া, আমদানি পর্যায়ে উত্স কর হতে আদায়ের পরিমাণ কমে যাওয়া, রফতানি পর্যায়ের উত্স কর হতে আদায়ের পরিমাণ আশানুরূপ না হওয়া, বৃহৎ করদাতা ইউনিটের (এলটিইউ) মাধ্যমে কম রাজস্ব আদায় এবং বিভিন্ন খাতে বিশেষ করে সেবাখাত হতে উত্স কর কর্তন কম হওয়ার কারণেও রাজস্ব আদায় কম হয়েছে। বিড়ি, সিগারেট, ওষুধ, সিমেন্ট, বেভারেজ, পেট্রোলিয়াম গ্যাস ও অন্যান্য গ্যাস, নারিকেল তেল, এম এম রড, স্ক্যাপ, টাইলস খাতেও লক্ষ্যমাত্রার তুলনায় মূল্য সংযোজন কর (মূসক) অনেক কম আদায় এবং সেবা খাতের মধ্যে মোবাইল ফোন, ব্যাংক, বীমা সংস্থা, হোটেল, ইন্টারনেট, ইজারাদারের ক্ষেত্রে লক্ষ্যমাত্রার তুলনায় কম মূসক আদায় হওয়ার কারণেও রাজস্ব আদায় কম হয়েছে বলে জানান অর্থমন্ত্রী।
আওয়ামী লীগের সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসাইনের প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী বলেন, চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে সাময়িক হিসাব অনুযায়ী রাজস্ব আদায় হয়েছে ৫০ হাজার ৩৩৮ কোটি ২৯ লাখ টাকা যা লক্ষ্যমাত্রার চেয়ে ৭ হাজার ১৮০ কোটি ৫৩ লাখ টাকা কম।
আওয়ামী লীগের সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, দেশের সর্বোচ্চ মুনাফা অর্জনকারী ব্যাংক স্টান্ডার্ড চাটার্ড। গত বছর ব্যাংকটির অনিরীক্ষত মুনাফার পরিমাণ এক হাজার ৫৪৮ কোটি ৬২ লাখ টাকা। আর দ্বিতীয় অবস্থানে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। এই ব্যাংকটির অনিরীক্ষিত মুনাফার পরিমাণ এক হাজার ৪৫৬ কোটি ৫৭ লাখ টাকা। এছাড়া সর্বোচ্চ মুনাফা অর্জনকারি ব্যাংকগুলোর তালিকায় তিন নম্বরে রয়েছে সরকারি তফসিলভূক্ত ব্যাংক জনতা। চার নম্বরে এইচএসবিসি, পাঁচ নম্বরে অগ্রণী ও ছয় নম্বরে রয়েছে পূবালী ব্যাংক। এর পরে প্রাইম ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, সাউথইস্ট ব্যাংক লিমিটেড এবং ব্র্যাক ব্যাংকের নাম রয়েছে।




