শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদআরো খবর......হেমায়েতপুরে ট্রাকচাপায় দুই কলেজ ছাত্রসহ ৩ যুবক নিহত

হেমায়েতপুরে ট্রাকচাপায় দুই কলেজ ছাত্রসহ ৩ যুবক নিহত

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

ঢাকা-আরিচা মহাসড়কের সাভারে হেমায়েতপুরে ট্রাকচাপায় দুই কলেজ ছাত্রসহ ৩ যুবক নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে হেমায়েতপুর জাদুরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- জামালপুর জেলার মাদারগঞ্জ থানার কয়ডা গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে নুর ইসলাম (২৩)। তিনি মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স (অর্থনীতি) ২য় বর্ষের ছাত্র। জামালপুর আশেক মাহমুদ কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্র ফরহাদ হোসেন অন্তু (২২) ও একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি সুলতান (২৪)।

প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যা সোয়া ৬টার দিকে মোটরসাইকেলে করে (ঢাকা মেট্রো-ল-১৫-৬৯৩৮) ওই তিনজন মিরপুর থেকে সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে আসার সময় ঢাকা-আরিচা মহাসড়কের যাদুরচর এলাকায় নাসিম ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে পেছন থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়।

এ ঘটনায় ট্রাকের চালক ও তার সহকারীসহ ঘাতক ট্রাকটিতে আটক করেছে পুলিশ। আটকরা হলো- মানিকগঞ্জ জেলার শিবালয় থানার কেডিসি গ্রামের কুসাই মণ্ডলের ছেলে ট্রাকের চালক  শান্ত (২৭) ও তার ছোট ভাই সহকারী মানিক (২৪)। সাভার মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহতদের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন

সর্বশেষ