ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
১৯ দলীয় ঐক্যজোট নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শনিবার (১ মার্চ) এক জনসভায় অংশ নিয়ে রাজবাড়ী যাচ্ছেন। বুধবার দুপুর ১২টায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানানো হয়। এ সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম উপস্থিত ছিলেন।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সহ-সভাপতি ও নব নির্বাচিত সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট এম এ খালেক, অধ্যক্ষ এ বি এম মঞ্জুরুল আলম দুলাল ও যুগ্ম সাধারণ সম্পাদক গাজী আহসান হাবীব। এ সংবাদ সম্মেলনে অনলাইন, ইলেক্ট্রনিক এবং জাতীয় ও স্থানীয় পত্রিকার সাংবাদিক ও জেলার ১৯ দলের নেতারা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, আমাদের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে রাজবাড়ীতে খালেদা জিয়ার জনসভার জন্য ঐতিহাসিক শহীদ আব্দুল আজিজ খুশী রেলওয়ে মাঠ ব্যবহারের অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ। এরই মধ্যে জনসভা মঞ্চের কাজ সম্পন্নের পথে। জনসভা সফল করতে দিনরাত প্রচার প্রচারণা চলছে। জনসভায় চার/পাঁচ লাখ মানুষের সমাগম হবে বলেও আশা প্রকাশ করেন বক্তারা।
তারা আরো বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজবাড়ীর জনসভা থেকে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেবেন বলে আশা করা হচ্ছে।




