ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
পূবালী ব্যাংকের চেয়ারম্যানসহ আট পরিচালকের পদ শূন্য ঘোষণা করেছেন হাইকোর্ট। ন্যূনতম শেয়ার ধারণ না করেই এই নয় জন চেয়ারম্যান ও পরিচালকের পদে নিয়োগ পান।
আজ মঙ্গলবার মঙ্গলবার বিচারপতি এম আর হাসানের একক বেঞ্চ শুনানি শেষে এই রায় দেন। হাইকোর্ট রায়ে ঐ নিয়োগকে আইন-বহির্ভূত হিসাবে আখ্যায়িত করেন। এর সঙ্গে সঙ্গে চেয়ারম্যান ও আট পরিচালকের নিয়োগ অবৈধ হয়ে যায়। এই আটজন হলেন- চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার এবং পরিচালক মোহাম্মদ ফাইজুর রহমান, আহমেদ শফি চৌধুরী, ফাহিম আহমেদ ফারুক চৌধুরী, এম কবিরুজ্জামান ইয়াকুব, রোমানা শরিফ, সুরাইয়া রহমান, আজিজুর রহমান।তাদের পক্ষে আদালতে শুনানি করেন মেহেদী হাসান চৌধুরী। আর ব্যাংকের পক্ষে ছিলেন ব্যারিস্টার আখতার ইমাম। আর ব্যাংকের শেয়ার মালিক শফি আহমেদ চৌধুরীর পক্ষে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন শুনানি করেন। তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার সাকেব মাহবুব। আখতার ইমাম পরে সাংবাদিকদের বলেন, হাইকোর্ট চেয়ারম্যানসহ আট পরিচালকের পদ শূণ্য ঘোষণা করেছে। এখন তারা আর পদে নেই।
এই রায়ের ফলে অনেক ব্যাংকেই সমস্যার সৃষ্টি হবে। তাই আমি মনে করি, আপিল বিভাগে এ বিষয়টির নিষ্পত্তি হওয়া প্রয়োজন। তবে আমরা আপিল করব কি-না, সেটা মক্কেলদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেব।
২০১১ সালের ২২ নভেম্বর এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কোম্পানির পরিচালকদের ব্যাক্তিগতভাবে নূন্যতম ২ শতাংশ ও সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ারধারণ বাধ্যতামূলক করে। যেসব পরিচালকের ওই পরিমাণ শেয়ার নেই, তা ছয় মাসের মধ্যে অর্জন করতে বলা হয়।




