ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
আবুল হাসান মাহমুদ আলীকে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেয়া হচ্ছে। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেয়া হচ্ছে চাঁদপুর-৫ আসন থেকে নির্বাচিত সাংসদ মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তমকে।আগামীকাল বুধবার দুপুর ১২টায় বঙ্গভবনে শপথ নেবেন তারা। রাষ্ট্রপতি আবদুল হামিদ তাদের শপথবাক্য পাঠ করাবেন।
সামরিক শাসক এরশাদ সরকারের পতন হলে ১৯৯০ সালে দেশের প্রথম তত্ত্বাবধায়ক সরকারে মেজর (অব.) রফিকুল ইসলাম মন্ত্রী পদমর্যদায় নৌ-পরিবহন মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। ১৯৯৬ সালে তিনি আওয়ামী লীগে যোগ দেন এবং চাঁদপুর জেলার হাজীগঞ্জ শাহরাস্তি নির্বাচনী এলাকা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এছাড়া ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে হাজিগঞ্জ শাহরাস্তি এলাকা থেকে আবারও সংসদ সদস্য নির্বাচিত হন এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত জাতীয় সংসদের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন।
মঙ্গলবার সরকারের একটি দায়িত্বশীল সূত্র ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেছে। আবুল হাসান মাহমুদ আলী দিনাজপুর-৪ আসন থেকে আওয়ামী লীগের টিকেটে সংসদ সদস্য নির্বাচিত হন। বর্তমানে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন রাজশাহী-৬ আসনের এমপি শাহরিয়ার আলম।গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত নির্বানের পর গঠিত মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রীর পদটি খালি ছিল।
নির্বাচনকালীন সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসবে দায়িত্ব পালন করেন এ এইচ মাহমুদ আলী।মাহমুদ আলী নবম সংসদে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন। নির্বাচনকালীন সরকারে দীপু মনি বাদ পড়লে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান তিনি। মাহমুদ আলী ১৯৬০ এর দশকে সরকারি চাকরিতে যোগ দেন এবং ২০০৮ সালে নির্বাচনে জয়ী হয়ে প্রথমবারের মতো সংসদে আসেন।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশ নিয়ে আহত হয়েছিলেন মাহমুদ আলী, যিনি ১৯৯০ এর ডিসেম্বরে অতিরিক্ত পররাষ্ট্র সচিব থাকাকালে সহকর্মীদের নিয়ে এইচ এম এরশাদ সরকারের পদত্যাগ দাবিতে রাজপথে নেমেছিলেন।
যুক্তরাজ্যে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করে ২০০১ সালে অবসরে যান মাহমুদ আলী। এর আগে জার্মানি ও ভুটানেও রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন তিনি।



