ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, রোববার ময়মনসিংহে জেএমবির তিন জঙ্গিকে পুলিশের উপর আক্রমণ করে ছিনতাইয়ের ঘটনায় বিএনপি-জামায়াত ও আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী জড়িত। আজ সোমবার রাজধানীর সেগুনবাগিচায় বঙ্গবন্ধু একাডেমির এক আলোচনা সভায় তিনি একথা বলেন। তিনি বলেন, বাংলাদেশকে নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে। এই এলাকার মুসলিম দেশ পাকিস্তান, আফগানিস্তান অস্থিতিশীল রয়েছে। এখন বাংলাদেশকে অস্থিতিশীল করতে বিএনপি-জামায়াত, আল-কায়েদা-জেএমবি এক হয়ে জঙ্গি তৎপরতা চালাচ্ছে। গতকাল যে ফিল্মি স্টাইলে জেমবির ফাঁসির দ-াদেশপ্রাপ্ত আসামিদের ছিনিয়ে নেয়া হয়েছে, এতে বিএনপি-জামায়াত ও আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী জড়িত। তিনি বলেন, অতীত কৃতকর্মের জন্য বিএনপির নেতা খালেদা জিয়াকে শুধু তওবা নয়, প্রায়শ্চিত্তও করতে হবে।
উপজেলা নির্বাচন প্রসঙ্গে সাবেক এই মন্ত্রী বলেন, প্রথম দফা উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের চেয়ে বেশি জায়গায় জয়ী হয়ে বিএনপির নেতারা অতি আস্ফালন করছেন। তাঁদের মনে রাখতে হবে আরও পাঁচ দফা নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের পর বোঝা যাবে কাদের সমর্থিত প্রার্থীরা বেশি জয়ী হয়। হাছান মাহমুদ বলেন, ‘বিএনপির নেতারা জানেন এ সরকার পাঁচ বছর মেয়াদ পূর্ণ করতে পারলে তাঁরা আর কখনো ক্ষমতায় আসতে পারবেন না। তাঁদের দল মওলানা ভাসানীর দল (ন্যাপ ভাসানী) ও মুসলিম লীগের মতো বিলীন হয়ে যাবে।’ বঙ্গবন্ধু একাডেমির উপদেষ্টা নাজির মিয়ার সভাপতিত্বে ওই আলোচনা সভায় আরও বক্তব্য দেন কৃষক লীগের সাধারণ সম্পাদক শামসুল হক রেজা, আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান দুর্জয় প্রমুখ।




