ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
সংসদ অধিবেশনে মন্ত্রীদের উপস্থিতি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, মন্ত্রীদের অবশ্যই সংসদে উপস্থিত থাকতে হবে। সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।
গত ৫ জানুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে গঠিত সংসদে মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে সংবাদ মাধ্যমে সমালোচনা হচ্ছিল বেশ কয়েক দিন ধরে।
মন্ত্রিসভায় উপস্থিত এক মন্ত্রী ঢাকাটাইমসকে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার সকল সদস্যকে তাদের দাপ্তরিক কাজ যথাযথভাবে পালন করার জন্য আহ্বান জানিয়েছেন। সংসদ অধিবেশনস চলাকালীন কোন কোন মন্ত্রীর সংসদে উপস্থিত না থাকার বিষয়টি গ্রহণযোগ্য নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন। জরুরী কাজ থাকলে সংসদ ভবনে মন্ত্রীদের অফিসেও সে কাজগুলো করা যায় বলে অভিমত ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী।




