যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশনের (ডিএফসি) অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। এর ফলে অবকাঠামো, জ্বালানি, প্রযুক্তি ও ডিজিটাল রূপান্তরসহ বিভিন্ন খাতে মার্কিন বিনিয়োগ এবং কর্মসংস্থান সৃষ্টির সুযোগ বাড়বে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। মাহদী আমিন বলেন, ডিএফসি অর্থায়নের যোগ্যতা অর্জনের ফলে বাংলাদেশের বড় বড় অবকাঠামো ও জ্বালানি প্রকল্পসহ প্রযুক্তি এবং ডিজিটাল রূপান্তরের বিভিন্ন খাতে মার্কিন বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টি সহজ হবে।সংবাদ বিশ্লেষণ
তিনি বলেন, বিগত সরকারের দীর্ঘ সময়ে বিভিন্ন শ্রমবিরোধী নীতিমালা প্রণয়ন করা হয়েছিল। এ কারণে যুক্তরাষ্ট্রের এ ধরনের অর্থায়ন বাংলাদেশে আসেনি বা দীর্ঘদিন ধরে বন্ধ ছিল।
মাহদী আমিন আরও বলেন, নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর শ্রমবান্ধব নীতিমালা গ্রহণ করেছে। শ্রম আইন পাস করা হয়েছে, যেখানে শ্রমিকদের স্বার্থ সুরক্ষাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
তিনি বলেন, ডিএফসি অর্থায়নের যোগ্যতা অর্জনের ফলে বাংলাদেশে ব্যাপক মার্কিন বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টির সুযোগ তৈরি হবে। এর মাধ্যমে দেশের অর্থনীতি আরও এগিয়ে যাবে।
সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র বলেন, পলাতক রাজনৈতিক অপশক্তি দেশ ছেড়ে পালিয়ে গেলেও তাদের কর্মকাণ্ডের কোনো পরিবর্তন হয়নি। ফ্যাসিবাদের প্রশ্নে গণতান্ত্রিক ঐক্যই দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে। সরকার ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে।




