রবিবার, নভেম্বর ১, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েতাহসিফ হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে দিশা

তাহসিফ হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে দিশা

সাবেক বিমানবাহিনীর কর্মকর্তা কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় জেরিকা তাসনিম দিশার চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (১ নভেম্বর) ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার মামলার তদন্ত কর্মকর্তা টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) ফিরোজ উদ্দিন এ রিমান্ড আবেদন করেন।

পুলিশ জানায়, তথ্য প্রযুক্তির সহায়তা এবং উত্তরা এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে যে, নিহত কে এম তাহসিফ সাউরি (২৭) গত ২৭ অক্টোবর রাতে উত্তরা নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্টে যান।

পরবর্তীতে ২৮ অক্টোবর সন্ধ্যায় উত্তরা সিপি ফাইভ স্টার স্ন্যাকসে সন্দেহভাজন আসামি জেরিকা তাসনিম দিশা এবং বর্তমানে পুলিশ হেফাজতে রিমান্ডে থাকা আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপসহ (২৩) অন্যরা একসঙ্গে অবস্থান করেন।

সিসিটিভি ফুটেজে আসামিদের চলাফেরা ও মোটরসাইকেলে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরির প্রমাণ পাওয়া গেছে।
প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডের সঙ্গে সন্দেহভাজন জেরিকা তাসনিম দিশার সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মামলার মূল রহস্য উদঘাটন, অজ্ঞাতনামা অন্যান্য আসামিদের গ্রেপ্তার ও শনাক্তকরণ, হত্যাকাণ্ডের স্থান নির্ধারণ এবং আসামিদের পরস্পরবিরোধী বক্তব্য ক্রস-চেক করার জন্য সাতদিনের রিমান্ড আবেদন করা হয়। এ মামলায় শনিবার তাহসিফ সাউরির বন্ধু শাহরিয়ার রেজা দীপকে (২৩) জিজ্ঞাসাবাদের জন্য চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন অপর একটি আদালত।

নিখোঁজ হওয়ার পরদিন বুধবার (২৮ অক্টোবর) বিকেলে তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাহসিফ রাজধানীর উত্তরা ১৮ নম্বর সেক্টর এলাকায় বসবাস করতেন। গত মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে তিনি নিখোঁজ হন। ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলিকপ্টারে করে দেশত্যাগের সময় সেই ভিডিওটি তাহসিফ ধারণ করেছিলেন বলে আলোচনা রয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ