সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রচ্ছদআরো খবর......ফারদিন হত্যা মামলা প্রতিবেদন দেয়নি সিআইডি, তারিখ পিছিয়েছে ৩৭ বার

ফারদিন হত্যা মামলা প্রতিবেদন দেয়নি সিআইডি, তারিখ পিছিয়েছে ৩৭ বার

বুয়েট ছাত্র ফারদিন নূর পরশের চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের পর পেরিয়ে গেছে প্রায় ৪ বছর। তদন্ত প্রতিবেদন দাখিলের সময় পিছিয়েছে ৩৭ বার। আজ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক আল বিরুনী মীর-এর ২৯ নং আদালতে প্রতিবেদন দাখিলের সময় নির্ধারিত ছিল। কিন্তু অধিকতর তদন্তের দায়িত্বে থাকা সিআইডি প্রতিবেদন দাখিল করেনি আজ। চাঞ্চল্যকর বুয়েট শিক্ষার্থী হত্যামামলার একমাত্র নামীয় আসামি আয়াতুল্লাহ বুশরা অসুস্থতার আবেদন করে অনুপস্থিত ছিল আদালতে। ফলে আজ মামলার কোন শুনানি হয়নি। ফলে নতুন করে প্রতিবেদন দাখিলের জন্য ১৪ অক্টোবর তারিখ নির্ধারণ করেছে মহামান্য আদালত। এমন বাস্তবতায় চরম হতাশ মামলার বাদী ফারদিনের পিতা নূরউদ্দিন রানা।

তিনি জানান, বুয়েট ক্যাম্পাসে আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পর সংক্ষুব্ধ সাধারণ শিক্ষার্থীদের দমন ও ভীতি প্রদর্শনের জন্য আমার প্রথম সন্তান ফারদিনকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। আর ফ্যাসিস্ট হাসিনার খুনিচক্র তদন্ত প্রহসনের মাধ্যমে আত্মহত্যার নাটক সাজিয়ে আমার ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করে।

উল্লেখ্য, ২০২২ সালের ৪ নভেম্বর ডেমরার কোনাপাড়ার বাসা থেকে বুয়েট ক্যাম্পাসের উদ্দেশে বেরিয়ে নিখোঁজ হয়েছিল সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের ছাত্র ফারদিন নূর পরশ। এর চারদিন পর নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে পাওয়া যায় তাঁর মরদেহ।

ময়না তদন্তকারী চিকিৎসক নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালের ডাক্তার ফারহাদ হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন, ভিকটিমের বুকে ও মাথায় বেশ কয়েকটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এবং ইন্টার্নাল ব্লিডিংয়ে সে মারা যায়। এটা অবশ্যই হত্যাকাণ্ড।

দেশের সকল গণমাধ্যমে এই খবর ছড়িয়ে পড়লে উত্তাল হয়ে উঠে বুয়েট ক্যাম্পাসসহ সারাদেশ। সাধারণ শিক্ষার্থীরা দফায় দফায় মানববন্ধন করে তাদের সহপাঠী ফারদিনের খুনিচক্রকে আইনের আওতায় আনা ও ন্যায়বিচারের দাবিতে সোচ্চার হয়েছিল।

তাদের জোর দাবি ছিল, আবরার হত্যাকাণ্ডের সম্পৃক্ততায় চরম শাস্তি পাওয়া বুয়েট ছাত্রলীগ তাদের হারানো সাম্রাজ্য ফিরে পেতে মরিয়া প্রচেষ্টা চালায়। তাদের বদ্ধমূল ধারণা, ভীতি প্রদর্শনের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের দমাতেই সুযোগ বুঝে ফারদিনকে অপহরণ করে, গুম রেখে নির্যাতনের মাধ্যমে হত্যা করেছে।

ফারদিনের পিতা নূরউদ্দিন রানাও জানান একই কথা। যদিও নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তার স্বার্থে ছাত্রলীগের খুনিচক্রের নাম উল্লেখ না করে মামলা করতে বাধ্য হন। বান্ধবী আয়াতুল্লাহ বুশরার নাম নিয়ে মামলা করতে গিয়েও ডিবির উর্ধ্বতন কর্মকর্তাদের বাধার মুখে পড়তে হয়েছিল এই হতভাগ্য পিতাকে।

এই প্রতিবেদককে নূরউদ্দিন রানা জানান, অন্তবর্তীকালীন সরকারের সময় গঠিত গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারিতে ফারদিন হত্যাকাণ্ডের ঘটনাটি অন্তর্ভুক্ত হলে আশাবাদী হয়েছিলাম। কিন্তু বর্তমান নির্বাচিত সরকারের ৬ মাস পেরিয়ে গেলেও এখনো যে কালক্ষেপণ চলছে এটা সত্যি হতাশার ও গভীর হাহাকারের।
তিনি ন্যায়বিচার প্রার্থনায় মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

আরও পড়ুন

সর্বশেষ