রোহিঙ্গা সংকট এখন শুধু মানবিক নয়। দীর্ঘদিন ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গার অবস্থান বাংলাদেশের জন্য যেমন বড় চাপ তৈরি করছে, তেমনি এটি আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ।
আজ রোববার (৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বিআইআইএসএস অডিটোরিয়ামে ইন্সটিটিউট ফর গ্লোবাল কো-অপারেশন ফাউন্ডেশনের আয়োজনে রোহিঙ্গা সংকট নিয়ে উদ্ভূত চ্যালেঞ্জ ও সমধানের কৌশল নিয়ে গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণভাবে আমরা যেন তাদের দেশে ফেরত পাঠাতে পারি, সে জন্য আন্তর্জাতিক মহলের সহযোগিতা প্রয়োজন। জাতিসংঘসহ সব ইন্টারন্যাশনাল রাডারে যেন রোহিঙ্গা ইস্যুটি ফোকাসড থাকে এবং অন্য কোনো ইস্যুতে যাতে চাপা পড়ে না যায়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের দেশে জাতিসংঘের প্রতিনিধি ও হিউম্যান রাইটস বডিস যারা কাজ করছেন, তাদের প্রত্যেকের কাছে আহ্বান, রোহিঙ্গা শরণার্থীদের সম্মানের সঙ্গে তাদের দেশে প্রত্যাবর্তনের ব্যবস্থা দ্রুত করতে হবে।
এসময় এই সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক মহলের সহযোগিতায় বিশেষ করে জাতিসংঘের কার্যকর ভূমিকার মাধ্যমে বাংলাদেশে আশ্রয় নেয়া প্রায় ১৫ লাখ রোহিঙ্গাকে নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে নিজ দেশে প্রত্যাবাসনের বিষয়টি আন্তর্জাতিক রাডারে আরও জোরালোভাবে তুলে ধরার আহবানও করেন স্বরাষ্ট্রমন্ত্রী।




