৩৫ বছর পর সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্ধারিত সময়ে দুই প্রার্থীর কেউই প্রার্থিতা প্রত্যাহার না করায় আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে ভোটগ্রহণ শুরু হয়েছে। তফসিল অনুযায়ী দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদে ভোট দেবেন নির্বাচকমণ্ডলীর সদস্যরা। ভোটগ্রহণ শেষে সংসদ কক্ষেই ব্যালট গণনা করা হবে। রাষ্ট্রপতি নির্বাচন সরাসরি বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচার করা হচ্ছে।
রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ক্ষমতাসীন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ। দুপুর ২টায় ভোটগ্রহণের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরই মধ্যে জাতীয় সংসদে উপস্থিত হয়েছেন বিএনপির রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রিসভার সদস্যরা।
রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ভোটের আনুষ্ঠানিকতা শুরুর পর তিনি রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী এবং তাদের প্রস্তাবক ও সমর্থকের নাম ঘোষণা করেন।
এ সময় সংসদ সদস্যদের ভোট দেয়ার নিয়মও জানিয়ে দেন সিইসি। তিনি ব্যালট পেপারে পূর্ণ নাম ও স্বাক্ষর করার নির্দেশনা দেন। এরপর নির্ধারিত ব্যালট বাক্সে কীভাবে ব্যালট পেপার রাখতে হবে, সে বিষয়েও ভোটারদের অবহিত করা হয়।
নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ আগেই জানিয়েছেন, বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এরপর সংসদ কক্ষেই ব্যালট গণনা করা হবে।
সংসদে সংরক্ষিত নারী আসনসহ মোট আসন ৩৫০টি। তবে বিএনপির আসলাম চৌধুরীর সংসদ সদস্যপদ আদালত বাতিল করায় এবারের রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার হিসেবে রয়েছেন মোট ৩৪৯ জন সংসদ সদস্য।
এর আগে গত ২৪ জুলাই রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। তার পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
দুই প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় থাকায় ভোটের মাধ্যমেই নির্ধারিত হবে দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন। ভোটগ্রহণ শেষে গণনা সম্পন্ন করে ফলাফল ঘোষণা করবে নির্বাচন কমিশন।




