সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
প্রচ্ছদইসলাম ও জীবনসরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি হজ প্যাকেজের ঘোষণা

সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি হজ প্যাকেজের ঘোষণা

বিমান ভাড়া কমিয়ে ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ প্যাকেজসহ মোট তিনটি প্যাকেজের ঘোষণা দেওয়া হয়েছে। তবে বেসরকারি হজ এজেন্সিগুলো সরকার ঘোষিত সাধারণ প্যাকেজের বাইরে আরও তিনটি অতিরিক্ত প্যাকেজ ঘোষণা করতে পারবে।

মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এসব প্যাকেজ ঘোষণা করেন।

সরকারি ব্যবস্থাপনায় ঘোষিত দুটি প্যাকেজের মধ্যে রয়েছে-হজ প্যাকেজ-১ এবং হজ প্যাকেজ-২ (সাশ্রয়ী)। হজ প্যাকেজ-১ এর খরচ নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা। আর হজ প্যাকেজ-২ এর খরচ পড়বে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা।

হজ প্যাকেজ-১ এর আওতায় হজযাত্রীদের মক্কায় হারাম শরীফের বহিঃচত্বর থেকে ১ হাজার থেকে ১ হাজার ৪০০ মিটারের মধ্যে এবং মদিনায় মারকাজিয়া এলাকায় আবাসনের ব্যবস্থা করা হবে। মিনায় জোন-২ এ তাঁবুর ব্যবস্থা থাকবে। মিনা-আরাফায় ‘সার্ভিস প্যাকেজ-৩’ অনুযায়ী সেবা ও মোয়াল্লেমের মাধ্যমে খাবার সরবরাহ করা হবে।

হজ প্যাকেজ-২ (সাশ্রয়ী) এর আওতায় মক্কায় হারাম শরীফের বহিঃচত্বর থেকে ২ থেকে ৩ কিলোমিটারের মধ্যে এবং মদিনায় মসজিদে নববী থেকে ৮০০ মিটারের মধ্যে আবাসনের ব্যবস্থা থাকবে। মিনায় জোন-৫ এ তাঁবুর ব্যবস্থা করা হবে। এ প্যাকেজেও মিনা-আরাফায় ‘সার্ভিস প্যাকেজ-৩’ অনুযায়ী সেবা ও খাবারের ব্যবস্থা থাকবে।

এ ছাড়া বেসরকারি ব্যবস্থাপনায় ‘সাধারণ হজ প্যাকেজ’ ঘোষণা করা হয়েছে। এ প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৬৪৮ টাকা। এ প্যাকেজে মক্কায় হারাম শরীফের বহিঃচত্বর থেকে সর্বোচ্চ ৩ কিলোমিটারের মধ্যে এবং মদিনায় মসজিদে নববী থেকে ১ কিলোমিটারের মধ্যে আবাসনের ব্যবস্থা করা হবে।

ধর্মমন্ত্রী জানান, বেসরকারি হজ এজেন্সিগুলো সরকার অনুমোদিত সাধারণ হজ প্যাকেজ গ্রহণ করে গ্রুপভিত্তিক আলোচনার মাধ্যমে অতিরিক্ত তিনটি প্যাকেজ ঘোষণা করতে পারবে। তবে সরকার ঘোষিত হজ প্যাকেজ-২-এ উল্লেখিত সেবা-সুবিধা কমিয়ে কোনো প্যাকেজ ঘোষণা করা যাবে না।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে বিমান ভাড়া কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এর ফলে হজযাত্রীদের খরচ কিছুটা কমবে।

মন্ত্রী আরও জানান, ২০২৭ সালের হজে সৌদি সরকারের নতুন ব্যবস্থাপনার কারণে হজযাত্রীদের সেবা, আবাসন, যাতায়াত ও ক্যাটারিং ব্যবস্থায় পরিবর্তন আনা হয়েছে। এ বছর মিনা-আরাফায় চারটি সার্ভিস প্যাকেজের পরিবর্তে তিনটি সার্ভিস প্যাকেজ থাকবে। ‘ডি’ সার্ভিস প্যাকেজ থাকছে না।

২০২৭ সালের হজের নিবন্ধন শেষ হবে ২৪ সেপ্টেম্বর ২০২৬। ই-হজ সিস্টেমে প্যাকেজ নির্বাচন করে প্রাথমিক ও চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করা যাবে। চাঁদ দেখা সাপেক্ষে ২০২৭ সালের ৮ এপ্রিল হজ ফ্লাইট শুরু এবং ১৫ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ