দেশের ব্যাংক খাতের অন্যতম অভিজ্ঞ পেশাদার ব্যাংকার আলী রেজা ইফতেখার ব্যাংক এশিয়া পিএলসির উপদেষ্টা হিসেবে যোগ দিয়েছেন। সোমবার (৬ জুলাই) থেকে তিনি নতুন এই দায়িত্ব পালন শুরু করেন।
দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন এই ব্যাংকারকে এক বছরের জন্য উপদেষ্টা হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে ব্যাংক এশিয়া।
ব্যাংক খাতে করপোরেট সুশাসন, ডিজিটাল রূপান্তর এবং টেকসই প্রবৃদ্ধিতে নেতৃত্ব দেওয়ার জন্য সুপরিচিত আলী রেজা ইফতেখার।
এর আগে তিনি ইস্টার্ন ব্যাংক পিএলসির (ইবিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রায় ১৯ বছর ইস্টার্ন ব্যাংকের এমডি ও সিইও হিসেবে দায়িত্ব পালন শেষে গত এপ্রিলে ওই ব্যাংক থেকে বিদায় নেন তিনি।
জানা গেছে, ২০০৭ সালে ইবিএলের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব নেওয়ার সময় ব্যাংকটির বার্ষিক মুনাফা ছিল প্রায় ৪২ কোটি টাকা এবং মোট সম্পদের পরিমাণ ছিল ৪ হাজার ২৫৭ কোটি টাকার কিছু বেশি। তার নেতৃত্বে ব্যাংকটির ব্যবসার পরিধি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়।
উপদেষ্টা হিসেবে যোগদানের মাধ্যমে ব্যাংক এশিয়ার কৌশলগত পরিকল্পনা, করপোরেট সুশাসন, ঝুঁকি ব্যবস্থাপনা, ডিজিটাল রূপান্তর এবং টেকসই প্রবৃদ্ধির ক্ষেত্রে আলী রেজা ইফতেখার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করছেন প্রতিষ্ঠানটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
ব্যাংক খাতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি দেশি-বিদেশি বিভিন্ন সম্মাননা অর্জন করেছেন। এছাড়া তিনি দুই মেয়াদে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন এবং ব্যাংকিং খাতের বিভিন্ন নীতিগত বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।




