শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়পুরো দেশকে ডিজিটাইজ করতে হবে : অর্থমন্ত্রী

পুরো দেশকে ডিজিটাইজ করতে হবে : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে মানুষের সেবা প্রাপ্তি সহজ করতে, স্বচ্ছতা বাড়াতে এবং খরচ ও সময়ের সাশ্রয় করতে এক মুহূর্ত সময় নষ্ট না করে যত দ্রুত সম্ভব পুরো দেশকে সম্পূর্ণ ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে। এই অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন প্রক্রিয়ায় দেশের সাধারণ জনগণ, ব্যবসায়ী, কৃষক ও শ্রমিকসহ প্রতিটি নাগরিককে সম্পৃক্ত করতে হবে।

অর্থমন্ত্রী বলেন, তথ্যপ্রযুক্তির সুষ্ঠু বিকাশ এবং এর সদ্ব্যবহার নিশ্চিত করা গেলে সমাজ থেকে অনেক অসংগতি দূর হবে। পাশাপাশি জনগণের জীবনমান সহজ ও উন্নত হবে।

সোমবার (৬ জুলাই) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের মাল্টিপারপাস হলে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ আয়োজিত ‘ইনোভেশন শোকেসিং ২০২৫-২৬’ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক।

আলোচনায় অংশ নেন মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন, বিমা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন, জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মজিবুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, পুরো দেশকে ডিজিটাইজ করতে হবে। কৃষক থেকে শুরু করে সবাইকে এর আওতায় আসতে হবে। প্রতিটি মানুষকে উন্নয়নের ধারায় যুক্ত করতে হলে টেকনোলজির বিকল্প নেই।

তিনি বলেন, দেশের উৎপাদনশীলতা বাড়াতে হলে জনগণের সেবা তার দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। শেয়ারবাজার ও বিমা খাতে যে অনিয়মগুলো হচ্ছে, তা যেন না হয় সেজন্য উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী।

অনুষ্ঠানে মোট ২৫টি প্রতিষ্ঠানের ৫০টি ইনোভেশন তুলে ধরা হয়। অনুষ্ঠানের শুরুতে অর্থমন্ত্রী প্রতিটি স্টল অত্যন্ত আগ্রহ নিয়ে ঘুরে দেখেন। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো, ব্যাংকিং, উদ্যোক্তার দক্ষতা উন্নয়নসহ নানা প্রযুক্তিগত উদ্ভাবন উদ্যোগ প্রদর্শন করেন।

এতে পাঁচটি প্রতিষ্ঠানকে উদ্ভাবন সহায়ক উদ্যোগ গ্রহণের জন্য পুরস্কৃত করা হয়। প্রতিষ্ঠানগুলো হলো– জনতা ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষ, বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স, পল্লী কর্মসংস্থান ফাউন্ডেশন।

আরও পড়ুন

সর্বশেষ