সমরখন্দ-এ উজবেকিস্তানের উপপ্রধানমন্ত্রী জামশিদ খোদজায়েভ-এর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার (৬ মে) এ তথ্য জানায় বাংলাদেশ দূতাবাস উজবেকিস্তান। অর্থমন্ত্রী ৩-৬ মে অনুষ্ঠিত এশীয় উন্নয়ন ব্যাংক-এর বোর্ড অব গভর্নরসের বার্ষিক সভায় বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।
বৈঠকে তিনি দুই দেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক তুলে ধরে বাণিজ্য, যোগাযোগ, কর্মসংস্থান, সংস্কৃতি ও পর্যটনসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ঢাকা-তাশখন্দ রুটে সরাসরি বিমান যোগাযোগ চালুর বিষয়ে ইতিবাচক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
এছাড়া বাংলাদেশে উজবেক কূটনৈতিক মিশন খোলা, রপ্তানি পণ্যের বাজার সম্প্রসারণ এবং ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়েও আলোচনা হয়। তিনি উজবেকিস্তানের রাষ্ট্রপতি শাওকাত মির্জিওয়েভ-কে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
অন্যদিকে, জামশিদ খোদজায়েভ বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদারে আগ্রহ প্রকাশ করেন। তিনি বাণিজ্য, কৃষি ও পর্যটন খাতে অমীমাংসিত চুক্তিগুলো দ্রুত সম্পন্ন করার ওপর গুরুত্ব দেন এবং বাংলাদেশে ব্যবসায়ী প্রতিনিধি দল পাঠানোর আশ্বাস দেন। বৈঠকে দুই দেশ ভবিষ্যতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও বিস্তৃত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।




