ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিলের বৈধতা নিয়ে রিট শুনতে অপারগতা প্রকাশ করেছেন হাইকোর্ট।
সোমবার (৪ মে) বিকেলে রিটটি শুনানির জন্য উপস্থাপন করা হলে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত বেঞ্চ সেটি কার্যতালিকা থেকে বাদ দেন।
অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, সংশ্লিষ্ট বেঞ্চের একজন বিচারপতির বাড়ি আর রিটকারী মনিরা শারমিনের বাড়ি একই গ্রামে। এ কারণে রিটটির শুনানি নিতে বিচারক অপারগতা প্রকাশ করেছেন। পরে আদালত রিটটি আউট অব লিস্ট করেন।
আদালতে রিটের পক্ষে শুনানি জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম, ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান ও অ্যাড. মোহাম্মদ হোসেন লিপু। আইনজীবীরা জানান, রিট আবেদনটি আগামীকাল বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে শুনানি হতে পারে।
এর আগে, ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিলে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত বহাল রেখেছে নির্বাচন কমিশন (ইসি)।




