প্রায় তিন দশক আগে উদ্ধার করা একটি অস্ত্র নিখোঁজ হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় চট্টগ্রামে পুলিশের এক সাবেক কর্মকর্তাকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে; জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাভোগ করতে হবে। রবিবার (৪ মে) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত দেলোয়ার হোসেন চট্টগ্রাম নগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সাবেক উপপরিদর্শক (বর্তমানে চাকরিচ্যুত)। এ ঘটনায় তিনি আগেই চাকরিচ্যুত হন। মামলার সময় তিনি পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেছেন বলে জানান দুদকের আইনজীবী জাহিদুল করিম।
আদালত সূত্র জানায়, ১৯৯৬ সালের ২৫ নভেম্বর ডবলমুরিং থানার তৎকালীন এসআই কামাল পাশা আসামির কাছ থেকে একটি অস্ত্র (এলজি) উদ্ধার করেন। পরে এটি গোয়েন্দা শাখার মালখানায় দায়িত্বরত এসআই দেলোয়ারের কাছে জমা দেন। তিনি অস্ত্রটি আদালতে জমা না দিয়ে একটি ভুয়া স্মারক নম্বর দেন। এ ঘটনায় তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোর এক কর্মকর্তা বাদী হয়ে ২০০৪ সালের ২৬ মে নগরের কোতোয়ালি থানায় মামলা করেন। তদন্ত শেষে সংস্থাটি ২০১৬ সালের ২২ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দেয়।
এতে উল্লেখ করা হয়, এসআই দেলোয়ার হোসেন উদ্ধার করা অস্ত্রটি আদালতের মালখানায় জমা না দিয়ে জমা দেওয়ার কথা উল্লেখ করে একটি ভুয়া স্মারক নম্বর প্রদান করেন। পরবর্তীতে পরের বছরের ৫ জুলাই আদালত তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার কার্যক্রম শুরুর নির্দেশ দেন। মামলায় ছয়জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এই রায় ঘোষণা করেন।




