সিলেটের দক্ষিণ সুরমায় ট্রাকের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৮ শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৭ জন। নিহতদের সবাই নির্মাণ শ্রমিক ছিলেন। রেববার (৩ মে) সকাল ৭টায় সিলেট-ঢাকা মহাসড়কের তেলিবাজার এলাকায় এ ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মো. রেজাউল করিম।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল জানান, একটি পিকআপে ১০-১২ জন শ্রমিক সিলেট থেকে সুনামগঞ্জে যাচ্ছিলেন। আর চট্টগ্রাম থেকে সিলেটের দিকে আসছিল কাঁঠালবোঝাই ট্রাকটি। ঘটনাস্থলে চারজন এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পর আরও চারজন মারা যান বলে পুলিশ সূত্রে জানা গেছে।
নিহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের মো. সুরুজ আলী (৬০), একই উপজেলার শেষস্তি গ্রামের মোছা. মুন্নি বেগম (৩৫), সিলেটের জালালাবাদ থানার লালারগাঁও এলাকার মো. বদরুল (৩০) এবং দিরাই উপজেলার নুরনগর এলাকার মো. ফরিদুল (৩৫)। বাকি ৪ জনের পরিচয় এখনো জানা যায়নি।
আহতরা হলেন- হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আমকান্দি গ্রামের মো. আলমগীর (৩২), সিলেট নগরের মদিনা মার্কেট এলাকার তোরাব উল্লাহ (৬০), আম্বরখানার রামিন (৪০) ও আফরোজ মিয়া (৪০), সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার রাজু আক্তার (২৫), সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার হাফিজা বেগম (৩০) এবং দিরাই উপজেলার রাজা মিয়া (৪৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় সকাল ৬টা ২৫ মিনিটের দিকে শ্রমিক বহনকারী একটি পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই ৪ জন শ্রমিক নিহত হন। গুরুতর আহত আরও ৪ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৭টায় তাদেরকে মৃত ঘোষণা করেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ায় ৮ জনে।
হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেন, ট্রাকের ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৪ জন ঘটনাস্থলেই নিহত হন এবং হাসপাতালে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এ ঘটনায় আরও ৭ জন শ্রমিক আহত হয়েছেন। তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।




