সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েডেমরায় প্যাকেজিং কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

ডেমরায় প্যাকেজিং কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

রাজধানীর ডেমরায় চিপস ও চানাচুরের প্যাকেট বানানোর প্যাকেজিং কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর ১২টার দিকে আমুলিয়া মডেল টাউনের ভেতরের ইমোরটোফ্লেক্স প্যাকেজিং কারখানায় এ ঘটনা ঘটে। এ সময় সুজন নামে এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। এদিকে খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিসসহ ফায়ার সার্ভিসের দুটি টিম ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রাথমিকভাবে জানা গেছে, মেশিনের ঘর্ষণের ফলে ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ডেমরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আলী বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি টিম ইতোমধ্যে কাজ শুরু করেছে। সুজন নামে একজন আহত হয়েছে। তাকে দ্রুত সময়ের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য।

কারখানায় অগ্নিনির্বাপণ ব্যবস্থা আছে কিনা এ বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো জানা যায়নি। এই বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হবে। এ বিষয়ে ডেমরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মুরাদ হোসেন পিপিএম বলেন, আহত শ্রমিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটি ভর্তি করানো হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ