জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (৩১ মার্চ) জাতীয় সংসদে ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ শীর্ষক বিষয়ে নির্ধারিত আলোচনায় অংশ নিয়ে এই মন্তব্য করেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি সংস্কার চায় না এবং জুলাই জাতীয় সনদ মানে না বলে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। জুলাই সনদের প্রতিটি বাক্য আমরা ধারণ করি। এটি ঐতিহাসিক রাজনৈতিক দলিল। তিনি বলেন, ‘১৯৭৩ সালের ৭ এপ্রিল থেকে রাষ্ট্রপ্তির আদেশ জারির ক্ষমতা রহিত করা রয়েছে। তিনি কোনো আদেশ দ্বারা সার্বভৌম সংসদের ক্ষমতা হ্রাস করতে পারেন না।
গণভোটেরও ফায়সালা হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জন রায়কে সম্মান করতে হবে। কিন্তু এই ৭০ শতাংশ মানুষের তো সমর্থন দেয়ার কথা ছিল জুলাই সনদের পক্ষে হ্যাঁ বা না বলার। এই আদেশ এখতিয়ার বহির্ভূত।
সালাউদ্দিন আহমদ আরও বলেন, ‘অধ্যাদেশের মাধ্যমে রাষ্ট্রপতি সার্বিভৌম ক্ষমতাকে খর্ব করেছেন। অন্তর্বতী সরকার সংবিধান লঙ্ঘন করেছে। নোট অব ডিসেন্টসহ প্রশ্ন লিখলেন না, এটি জাতীয় প্রতারণা। চার প্রশ্নের জবাবে একটি উত্তরে কেন বাধ্য করা হলো? আমি ষ্ট্রপতিকে জিজ্ঞেস করেছিলাম, আপনি কি আদেশ জারি করতে পারেন? তিনি বলেছিলেন, আমি তো পারি না, আমাকে পারাচ্ছে। রাজহংসকে জোর করে স্বর্ণের ডিম পাড়ানোর মতো। এখন সেটি অবৈধ ডিম।
সংবিধান সংস্কার পরিষদের শপথের কাগজ সংসদে পাঠানোর এখতিয়ার অন্তর্বর্তী সরকারের ছিল না বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘সংবিধান সংস্কার পরিষদের শপথের কাগজ সংসদ সদস্যদের হাতে কীভাবে গেল, তা সংসদ সচিবের কাছে জানতে চাই।




