জ্বালানি তেলের সরবরাহে অনিশ্চয়তার প্রভাব এখন স্পষ্টভাবে মাঠপর্যায়ে পড়তে শুরু করেছে। জামালপুরের বিভিন্ন এলাকায় পেট্রোল পাম্পগুলোতে তেল না থাকায় অনেক পাম্প বন্ধ থাকলেও, সেসব পাম্প ও খুচরা দোকানের সামনে তেল পাওয়ার আশায় দীর্ঘ লাইনে অপেক্ষা করতে দেখা যাচ্ছে চালক ও সাধারণ মানুষকে।মঙ্গলবার (২৪ মার্চ) সকাল থেকে জামালপুর শহরের একাধিক পাম্প ঘুরে এমন চিত্র দেখা যায়।
এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ, বিশেষ করে কৃষক ও মোটরসাইকেল চালকরা। জরুরি কাজ ফেলে অনেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন, কিন্তু তেল পাচ্ছেন না।
জামালপুর জুই এন্টারপ্রাইজের সামনে তেল নিতে আসা বটতলা এলাকার কলেজ এক শিক্ষক বলেন, পরিবারের সঙ্গে ঘুরতে যাওয়ার পরিকল্পনা ছিল। সে জন্য গাড়িতে তেল নিতে বের হলেও কোথাও তেল না পেয়ে একটি বন্ধ দোকানের সামনে প্রায় এক ঘণ্টা অপেক্ষা করেন। সবাই অপেক্ষা করছিল, আমিও দাঁড়িয়ে ছিলাম। শেষে না পেয়ে ফিরে যেতে হয়েছে, বলেন তিনি।
ভুক্তভোগীরা বলেন, ঈদ সামনে, কিন্তু মনে কোনো আনন্দ নেই। গাড়িতে তেল নেই। পাম্পে তেল নেই—এমন কোনো নোটিশও দেওয়া হয়নি। পাম্প বন্ধ থাকায় আমরা বুঝতেই পারছি না কোথায় তেল পাওয়া যাবে।
এক বাইকার জানান, সকাল থেকে কয়েকটি পাম্প ঘুরে একটি পাম্পে লাইনে দাঁড়িয়েছিলেন। পরে জানতে পারেন, ১০০ টাকার বেশি তেল দেওয়া হবে না। ১০০ টাকার তেল দিয়ে কী করব? তাই না নিয়েই ফিরে আসি, বলেন তিনি।
জামালপুর শহরের খাজা পেট্রোলিয়ামের ম্যানেজার জানান, ডিপো থেকে সরবরাহ না থাকায় পাম্প বন্ধ রাখতে হচ্ছে। আগামীকাল আমাদের গাড়ি ডিপোতে যাবে। তেল পেলে পরশু থেকে সরবরাহ শুরু করা সম্ভব হবে, বলেন তিনি। তিনি আরও জানান, তেল না থাকলেও গ্রাহকের চাপ কমছে না। অনেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন, কিন্তু তাদের ফেরাতে হচ্ছে।




