ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে আটক করেছে ডিবি। সোমবার (২৩ মার্চ) দিবাগত রাতে রাজধানীর বারিধারা এলাকা থেকে তাকে আটক করা হয়। ডিবি সূত্রে জানা যায়, সংস্থাটির প্রধান শফিকুল ইসলামের নেতৃত্বে একটি দল বারিধারা ডিওএইচএস এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ২ নম্বর লেনের ১৫৩ নম্বর বাসা থেকে তাকে আটক করা হয়।
প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন মাসুদ উদ্দিন চৌধুরী। তবে পাঁচ দিনের মাথায় তিনি জাতীয় পার্টি (জাপা)-র মনোনয়ন ফরম কেনেন এবং পরদিনই দলটির সভাপতিমণ্ডলীর সদস্য হন।
২০০৭ সালের এক-এগারোর রাজনৈতিক পটপরিবর্তনের সময় মাসুদ উদ্দিন চৌধুরী গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন। সে সময় তিনি সেনাবাহিনীর নবম ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব পালন করেন এবং গুরুতর অপরাধ দমন-সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়ক নিযুক্ত হন। পরবর্তীতে পদোন্নতি পেয়ে লেফটেন্যান্ট জেনারেল হন।
উক্ত কমিটির অধীনে দুর্নীতিবিরোধী অভিযান পরিচালিত হয়। ২০০৮ সালে তিনি অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিয়োগ পান। পরবর্তীতে আওয়ামী লীগ সরকার তার চাকরির মেয়াদ তিন দফায় বৃদ্ধি করে। অবসর গ্রহণের পর ঢাকায় রেস্তোরাঁসহ বিভিন্ন ব্যবসায় যুক্ত হন তিনি।




