২৪ ঘণ্টার মধ্যে মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) চালুর আশ্বাস দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বকুল। গতকাল হাসপাতাল পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশ্বাস দেন।
অসুস্থ এক শিশুর মৃত্যু প্রসঙ্গে পরিস্থিতি বিবরণ দিয়ে তিনি বলেন, কিছু দিন থেকে হামের রোগী বাড়ছে। হাসপাতালটিতে তিনটি ওয়ার্ডেই অতিরিক্ত হামের রোগী আছে। তাদের ভাল চিকিৎসা চলছে। কিন্তু এই রোগীটির অবস্থা খারাপ ছিল। তার আইসিইউর সাপোর্ট দরকার ছিল, কিন্তু এই হাসপাতালের আইসিইউটি বন্ধ। আর অন্য কোথাও এই ধরনের রোগীর জন্য ভালো ব্যবস্থা নেই। এখানে হাসপাতালের চিকিৎসকদের কোনো গাফিলতি ছিল না।
মন্ত্রী বলেন, মূলত বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) একটি প্রকল্পের অধীনে আইসিইউটি নির্মাণ হয়েছিল। প্রকল্প যখন বন্ধ হয়ে গেছে, আইসিইউর কার্যক্রমটাও বন্ধ হয়ে গেছে। এ কারণে শিশুটিকে আইসিইউতে নেওয়া যায়নি। অন্য কোনো আইসসিউতে এ ধরনের সংক্রামক রোগী নেওয়া হয় না।
স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, আমরা জানতাম না যে দেড় বছর আগে এটা বন্ধ হয়ে গেছে। আগামীকাল চিকিৎসক, টেকনিশিয়ান, এনেস্থেলজিস্ট সংযুক্ত করে আইসিইউটা চালু করা হবে। এছাড়া, অক্সিজেন আছে অল্টারনেটিভ বটলিংয়ের মাধ্যমেও অক্সিজেনের ব্যবস্থা করা হবে।
একইসঙ্গে হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ ফ্যান সরবরাহের আশ্বাসও দেন স্বাস্থ্যমন্ত্রী। এছাড়া অবহেলার অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।
২৪ ঘণ্টার মধ্যে সংক্রামক ব্যাধি হাসপাতালের আইসিইউ চালুর আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর



