বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েবগুড়া-৬ আসন ছাড়ছেন তারেক রহমান

বগুড়া-৬ আসন ছাড়ছেন তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে বগুড়া-৬ আসন থেকে নির্বাচিত হলেও আসনটি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করবেন। সোমবার বিষয়টি নিশ্চিত করেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মীর শাহে আলম।

তিনি বলেন, দলের চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ আসন থেকে শপথ নেবেন। সে কারণে বগুড়া-৬ আসন ছেড়ে দেওয়া হচ্ছে।

আইন অনুযায়ী, একই সাধারণ নির্বাচনে একাধিক আসনে নির্বাচিত হলে গেজেট প্রকাশের পর নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থীকে লিখিতভাবে জানাতে হয় তিনি কোন আসনটি রাখতে চান। নির্ধারিত সময়ের মধ্যে সিদ্ধান্ত না জানালে নির্বাচন কমিশন আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারে এবং অবশিষ্ট আসন শূন্য ঘোষণা করা হয়।

ঢাকা-১৭ আসনের পাশাপাশি বগুড়া-৬ আসনেও বেসরকারিভাবে নির্বাচিত হন তারেক রহমান। ১৫০টি কেন্দ্রের ফলাফলে তিনি পান ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৯৭ হাজার ৬২৬ ভোট। বিপুল ব্যবধানে জয়ী হলেও আইনগত বাধ্যবাধকতার কারণে আসনটি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, আমরা এখনও এ ব্যাপারে কিছু জানতে পারিনি। জানলে নির্দেশনা অনুযায়ী দল কাজ করবে।

আরও পড়ুন

সর্বশেষ