প্রশাসনের কেন্দ্রবিন্দু বাংলাদেশ সচিবালয়ে অনধিকার প্রবেশের দায়ে ২জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৮ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সচিবালয় হচ্ছে প্রশাসনের প্রাণকেন্দ্র। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সচিবালয়ের নিরাপত্তার বিষয়টি সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।
বাংলাদেশ সচিবালয়ে প্রবেশের ক্ষেত্রে ‘বাংলাদেশ সচিবালয় প্রবেশ নীতিমালা–২০২৫’ যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কি না, তা স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়মিত মনিটরিং করছে। এ কার্যক্রমের অংশ হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মনিটরিং টিম গত ২৫ জানুয়ারি বাংলাদেশ সচিবালয়ে অননুমোদিতভাবে প্রবেশকারী দুইজন ব্যক্তিকে আটক করে। আটকরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবালয় নিরাপত্তা শাখার সংশ্লিষ্ট কর্মকর্তার স্বাক্ষর জাল করে বাংলাদেশ সচিবালয়ে অনধিকার প্রবেশ করেছে, যা সরকারি নির্দেশনার ব্যত্যয়।
আটককৃত ব্যক্তিদের মধ্যে মো. আলিফ শরীফ সচিবালয়ে প্রবেশের জন্য অবৈধ পাস তৈরির সঙ্গে জড়িত। তিনি অনেককে এ ধরনের অবৈধ পাস তৈরিতে সহায়তা করেছেন। জিজ্ঞাসাবাদে অপরাধের কথা স্বীকার করেন। পরবর্তীতে মোবাইল কোর্টের মাধ্যমে মো. আলিফ শরীফকে এক মাসের এবং মো. আশিককে সাত দিনের জেল দেওয়া হয়েছে।




