শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েপটুয়াখালী-৩ আসনে প্রার্থিতা প্রত্যাহার করেননি হাসান মামুন, কঠিন চ্যালেঞ্জে নুর

পটুয়াখালী-৩ আসনে প্রার্থিতা প্রত্যাহার করেননি হাসান মামুন, কঠিন চ্যালেঞ্জে নুর

পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) সংসদীয় আসনে নির্বাচনের সমীকরণ শেষ দিনে এসে আরও জটিল হয়ে উঠেছে। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনেও প্রার্থিতা প্রত্যাহার করেননি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সদ্য বহিষ্কৃত নেতা হাসান মামুন। ফলে এ আসনে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নির্বাচনি লড়াই নতুন করে চ্যালেঞ্জের মুখে পড়েছে।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নির্ধারিত সময় শেষ হলেও হাসান মামুন তার মনোনয়ন বহাল রাখেন। তিনি এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর আগে বিএনপি আনুষ্ঠানিকভাবে ভিপি নুরুল হক নুরকে সমর্থন দেওয়ার ঘোষণা দেয় এবং দলীয়ভাবে কোনো প্রার্থী দেয়নি।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ভিপি নুর সমর্থন পেলেও মাঠের বাস্তবতা ভিন্ন রকম। তৃণমূল পর্যায়ের বিএনপির একটি বড় অংশের নেতাকর্মী ও সমর্থকরা এখনো হাসান মামুনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। এর ফলে ভোট ভাগ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, যা সরাসরি প্রভাব ফেলতে পারে নির্বাচনের ফলাফলে।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, হাসান মামুন দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতিতে সক্রিয় থাকায় তার নিজস্ব একটি ভোটব্যাংক রয়েছে। অন্যদিকে ভিপি নুর জাতীয় পর্যায়ে পরিচিত মুখ হলেও এই আসনে সংগঠনিক শক্তি পুরোপুরি কাজে লাগানোই হবে তার জন্য বড় চ্যালেঞ্জ। ফলে শেষ মুহূর্তে ভোটের হিসাব কোন দিকে যাবে, তা নিয়ে সাধারণ ভোটারদের মধ্যেও আলোচনা চলছে।

এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন বলেন, জনগণের সঙ্গে তার যে অঙ্গীকার ছিল, সে কারণেই তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াননি। তিনি জানান, জনগণের স্বার্থেই রাজনীতি করেন এবং শেষ পর্যন্ত মাঠে থেকেই লড়াই চালিয়ে যাবেন।

সব মিলিয়ে পটুয়াখালী-৩ আসনে একাধিক রাজনৈতিক সমীকরণ তৈরি হওয়ায় নির্বাচন ঘিরে আগ্রহ ও উত্তেজনা দুটোই বাড়ছে। শেষ পর্যন্ত ভোটাররা কাকে বেছে নেবেন, সেটিই এখন দেখার বিষয়।

আরও পড়ুন

সর্বশেষ