চট্টগ্রাম-১১ নির্বাচনী আসনে বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া একদিনের জন্যও আপস করেনিন।
তিনি বলেন, বেগম খালেদা জিয়া তার রাজনৈতিক জীবন আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়েই শুরু করেছিলেন। অন্যান্য নেতারা যখন বিভিন্ন সময়ের সাথে সাথে সমঝোতা করেছে, আপস করেছে, এই একজন নেত্রী শুরু থেকে শেষ পর্যন্ত একদিনের জন্যও আপস করেননি। পরে ওয়ান-ইলেভেনেও একই অবস্থা।
তিনি আরও বলেন, তখনও আমরা দেখেছি কোনও কোনও দল যারা আমাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তারা এক পা এগিয়েছে দুই পা পিছিয়ে গেছে। দীর্ঘ সময় এদেরকে দেখা যায়নি। শুধু একজন নেত্রী এক ঘণ্টার জন্যও আপস করে নাই।
আমাদের নেত্রীর সাহস, আপসহীনতার জন্য আমরা আজ এই জায়গায় এসেছি। আমাদের নেত্রীর ত্যাগ, আমাদের ত্যাগের ফসল হচ্ছে আগামী ১২ ফেব্রুয়ারি। ফসলটা হচ্ছে গণতন্ত্র ফিরিয়ে আনা, বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রবর্তন করা। বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়া।
চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু’র সভাপতিত্বে ও সদস্য সচিব ইন্জিনিয়ার জমির উদ্দিন নাহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য ইসরাফিল খসরু, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম ভুঁইয়া, সদস্য সাজ্জাদ হোসেন, শাহাদাত হোসেন সোহাগ, মো. মোখলেছুর রহমান, রাসেল খাঁন, ইমরান চৌধুরী বাবলু, রবিউল ইসলাম, জাহিদুল ইসলাম, মো. ইসকান্দর।
বক্তব্য দেন রিয়াজ উদ্দিন রাজু, ইউসুফ সুমন, জাহাঙ্গীর আলম, আকতার হোসেন বাবলু, ইয়াসিন আরাফাত, আরমান শুভ, মাসুদুর রহমান মোহন, আনোয়ারুল আবেদীন মুন্না, মো. ওসমান প্রমুখ। সভা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কলসী দিঘির পাড় জামে মসজিদের খতিব মাওলানা মো. জাহাঙ্গীর আলম।




