রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদখেলার সময়বোর্ড পরিচালক নাজমুল পদত্যাগ না করলে খেলা বর্জনের ঘোষণা

বোর্ড পরিচালক নাজমুল পদত্যাগ না করলে খেলা বর্জনের ঘোষণা

ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করায় বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগ দাবি করেছে ক্রিকেটারদের সংগঠন কোয়াব। বিপিএলে বৃহস্পতিবারের (আজ) ম্যাচ শুরুর আগে এই পরিচালক পদত্যাগ না করলে সব ধরনের খেলা বন্ধ করার ঘোষণা দিয়েছে তারা। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)-এর সভাপতি মোহাম্মদ মিঠুন গতকাল বুধবার রাতে অনলাইন সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন। খবর বিডিনিউজের।

মিঠুন বলেন, আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেছি। প্রথম বিভাগ নিয়ে আমরা বোর্ডকে যথেষ্ট সময় দিয়েছি। কিন্তু সেটার বিষয়ে উনারা এখনও সমাধান করেননি। গত কিছুদিন ধরে আপনারা দেখছেন, একজন বোর্ড পরিচালক যেভাবে ক্রিকেটারদের নিয়ে মন্তব্য করছেন, একজন দায়িত্বরত বোর্ড পরিচালক কখনোই ক্রিকেটারদের নিয়ে এরকম কথা বলতে পারেন না। আমরা ইমিডিয়েটলি উনার পদত্যাগ চাচ্ছি। উনি যদি কালকে বিপিএলের প্রথম ম্যাচের আগে পদত্যাগ না করেন, তাহলে আমরা সব ধরনের ক্রিকেট বন্ধ ঘোষণা করছি।

বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম বোর্ডের অর্থ কমিটির চেয়ারম্যানও। কয়েক দিন আগে তিনি তুমুল আলোচনা–সমালোচনার জন্ম দিয়েছিলেন সাবেক অধিনায়ক তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ বলে মন্তব্য করে। সামাজিক মাধ্যমে সেই বক্তব্যের পর গত কয়েক দিনে সংবাদমাধ্যমে তার নানা মন্তব্যও আলোচনার জন্ম দিয়েছে। নতুন করে তিনি বিতর্কের জন্ম দেন গতকাল বুধবার মিরপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে। বাংলাদেশ দল যদি শেষ পর্যন্ত বিশ্বকাপে না যায়, তাহলে ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেওয়া হবে কি না, এই প্রশ্নে তিনি বলেন, ওরা গিয়ে যদি কিছুই না করতে পারে, তাহলে ওদের পেছনে আমরা যে এত কোটি কোটি টাকা খরচ করছি, আমরা কি ওদের কাছ থেকে ওই টাকা ফেরত চাচ্ছি নাকি? চাচ্ছি? এই প্রশ্নের উত্তর দেন আমাকে।

আরেকটি প্রশ্নের জবাবে তিনি মন্তব্য করেন, আমরা যে ওদের পেছনে এত খরচ করছি, বিভিন্ন জায়গায় গিয়ে ওরা কিছুই করতে পারতেছে না। আজ পর্যন্ত আমরা একটাও বৈশ্বিক অ্যাওয়ার্ড পেয়েছি? কোনো একটা জায়গায় আমরা কতটুকু কী করতে পারছি! আমরা প্রত্যেকবারই তো বলতে পারি যে, তোমরা খেলতে পারোনি, তোমাদের পেছনে যা খরচ করেছি, এবার তোমাদের কাছ থেকে আমরা নিতে থাকি, ফেরত ফেরত দাও…!

ক্রিকেটাররাই ক্রিকেট বোর্ডের প্রাণ, তাকে এ কথা বলে হলে তিনি আবার পাল্টা প্রশ্ন করেন, ধরেন যে বোর্ডটাই যদি না থাকে, তাহলে ক্রিকেট মানে ক্রিকেটাররা থাকবে? এই প্রশ্নের উত্তর দেন আমাকে।

তার এসব মন্তব্যের পর সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়ার তৈরি হয়। রাত ৯টার পরপর বিবৃতি দিয়ে দুঃখ প্রকাশ করে বিসিবি। ওই পরিচালকের মন্তব্য বোর্ডের বক্তব্য নয় বলেও দাবি করা হয় সেখানে। ‘বোর্ডের একজন সদস্যের মন্তব্যকে ঘিরে যে উদ্বেগের জন্ম দিয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নজরে এসেছে তা। অনুপযুক্ত, আক্রমণাত্মক বা ক্ষতিকর হিসেবে হয়তো গণ্য হতে পারে, এমন মন্তব্যের জন্য বোর্ড আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করছে। এই ধরনের মন্তব্য বোর্ডের মূল্যবোধ, নীতি বা আনুষ্ঠানিক অবস্থানকে তুলে ধরে না এবং বাংলাদেশের ক্রিকেটের সেবায় দায়িত্বপ্রাপ্ত কোনো ব্যক্তির প্রত্যাশিত আচরণের সঙ্গে খাপ খায় না। বর্তমান ও সাবেক সব ক্রিকেটারের প্রতি বোর্ডের পূর্ণ সমর্থনের কথা জানিয়ে বিবৃতিতে উল্লেখ করা হয়, ক্রিকেটারদের প্রতি অসম্মান করে বা বাংলাদেশ ক্রিকেটের ভাবমূর্তি ও সততাকে ক্ষতিগ্রস্ত করা কেউ কোনো বক্তব্য দিলে তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।’

বিসিবির সেই বিবৃতি যে ক্রিকেটারদের কাছে যথেষ্ট মনে হয়নি, তা ফুটে ওঠে আধঘণ্টা পরই। অনলাইন সংবাদ সম্মেলনে সেটি স্পষ্টই জানিয়ে দেন কোয়াব সভাপতি। নাজমুলের পদত্যাগই তাদের একমাত্র দাবি।

আরও পড়ুন

সর্বশেষ