শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েঢাকায় পৌঁছেছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

ঢাকায় পৌঁছেছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ঢাকায় পৌঁছেছেন। আজ (সোমবার, ১২ জানুয়ারি) সন্ধ্যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। ঢাকার মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, “বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ১৯তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করতে পারা আমার জন্য সম্মানের বিষয়। আমি আমাদের দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও দৃঢ় করে আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধি এগিয়ে নিতে আগ্রহী। আমার স্ত্রী এবং আমি এমন একটি দেশে ফিরে আসতে পেরে আনন্দিত, যে দেশের সঙ্গে আমাদের অনেক সুন্দর স্মৃতি জড়িয়ে আছে।”

ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের মনোনীত রাষ্ট্রদূত। গত ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখে যুক্তরাষ্ট্রের সিনেট তাকে রাষ্ট্রদূত হিসেবে অনুমোদন দেন।

রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন সর্বশেষ জানুয়ারি থেকে অক্টোবর ২০২৫ পর্যন্ত আর্মস কন্ট্রোল অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি বিষয়ক আন্ডার সেক্রেটারি অব স্টেটের দায়িত্ব পালনকারী ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে কাজ করেন। এ দায়িত্বে তিনি নিরাপত্তা সহযোগিতা, নিরাপত্তা সহায়তা, সন্ত্রাসবাদ দমন, মাদকবিরোধী কার্যক্রম এবং অস্ত্র বিস্তার রোধে ডিপার্টমেন্ট অফ স্টেটের বৈশ্বিক কার্যক্রম তদারকি করেন।

সিনিয়র ফরেন সার্ভিসের একজন পেশাদার সদস্য হিসেবে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন পূর্বে যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিক কমান্ডের কমান্ডারের পররাষ্ট্রনীতি উপদেষ্টা হিসেবে এবং বাংলাদেশের যুক্তরাষ্ট্র দূতাবাসে কাউন্সেলর ফর পলিটিকাল অ্যান্ড ইকোনোমিক অ্যাফেয়ার্স হিসেবে দায়িত্ব পালন করেছেন।

রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন ফিলিপাইন, এল সালভাদর ও ভিয়েতনামে যুক্তরাষ্ট্রের মিশনগুলোতেও বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। যুক্তরাষ্ট্রে তার অন্যান্য দায়িত্বের মধ্যে রয়েছে পলিটিকাল–মিলিটারি অ্যাফেয়ার্স ব্যুরোর অফিস অফ রিজিওনাল সিকিউরিটি অ্যান্ড আর্মস ট্রান্সফারস–এর ডেপুটি ডিরেক্টর, উত্তর কোরিয়া নীতি–বিষয়ক বিশেষ প্রতিনিধির বিশেষ সহকারী, যুক্তরাষ্ট্রের হাউজ অফ রিপ্রেজেন্টেটিভসের পররাষ্ট্রবিষয়ক কমিটিতে ফেলো এবং সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া বিষয়ক ব্যুরোতে বাংলাদেশ কান্ট্রি অফিসার। এছাড়া তিনি যুক্তরাষ্ট্রের ফেডারেল লেবার রিলেশনস অথরিটির অধীন ফরেন সার্ভিস ইমপাসেস ডিসপিউটস প্যানেলে কর্মরত দুইজন পেশাদার কূতনৈতিক সদস্যের একজন হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ন্যাশনাল ওয়ার কলেজের ডিস্টিংগুইশড গ্র্যাজুয়েট রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন জাতীয় নিরাপত্তা কৌশল বিষয়ে মাস্টার অব সায়েন্স ডিগ্রি অর্জন করেছেন। এছাড়া তিনি টেক্সাস এ অ্যান্ড এম বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান বিষয়ে মাস্টার অব সায়েন্স এবং রাইস বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি ও ম্যানেজেরিয়াল স্টাডিজ বিষয়ে ব্যাচেলর অব আর্টস ডিগ্রি অর্জন করেছেন। তিনি স্প্যানিশ, জার্মান ও ভিয়েতনামি ভাষায় দক্ষ এবং ফরাসি, জাপানি ও পর্তুগিজ ভাষা অধ্যয়ন করেছেন। ২০০২ সালে ফরেন সার্ভিসে যোগদানের আগে তিনি হিউস্টন ও নিউইয়র্ক সিটিতে একজন ব্যবস্থাপনা পরামর্শক হিসেবে কাজ করেছেন।

কূটনৈতিক সূত্র জানায়, চলতি সপ্তাহেই পরিচয়পত্র পেশের মাধ্যমে ঢাকায় তার কূটনৈতিক দায়িত্ব শুরু করবেন ক্রিস্টেনসেন। এ লক্ষ্যে আগামী দুই দিনে তিনি পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম এবং রাষ্ট্রাচার অনুবিভাগের প্রধান নুরুল ইসলামের সঙ্গে বৈঠক করবেন। এরপর বৃহস্পতিবার তিনি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র পেশ করবেন।

আরও পড়ুন

সর্বশেষ