শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রচ্ছদজাতীয়মার্কিন ভিসা বন্ড দুঃখজনক ও কষ্টকর, কিন্তু অস্বাভাবিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা

মার্কিন ভিসা বন্ড দুঃখজনক ও কষ্টকর, কিন্তু অস্বাভাবিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, যুক্তরাষ্ট্র ভ্রমণের আগে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ডের বিষয়টি দুঃখজনক ও কষ্টকর। তবে বিষয়টি অস্বাভাবিক নয়।  বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, ‘যুক্তরাষ্ট্র যে সিদ্ধান্ত নিয়েছে তা শুধু বাংলাদেশের বিষয়ে নয়; অনেক দেশের মধ্যে বাংলাদেশও আছে। কোন দেশগুলো আছে? যাদের অভিবাসন নিয়ে সমস্যা আছে। আপনারা মার্কিনিদের পরিসংখ্যান দেখেন, যারা ওদের সামাজিক সুরক্ষা থেকে এভাবে গিয়ে (অবৈধভাবে) পয়সা নেয়, তাদের মধ্যে বাংলাদেশির সংখ্যা সর্বোচ্চ। তাহলে তারা যদি কিছু দেশের ওপর এ রকম নিষেধাজ্ঞা দেয়, তাতে বাংলাদেশ থাকবে– এটা খুব অস্বাভাবিক মনে হচ্ছে না।

মার্কিন নতুন নীতির দায়দায়িত্ব বিষয়ে তিনি বলেন, ‘এ সকল বাংলাদেশি যদি সবাই গত এক বছরে যুক্তরাষ্ট্র যেত, আমি বলতাম যে, আমরা দায়ী এবং যদি এই সমস্যাটা এই এক বছরে সৃষ্টি হতো, তাহলে এই সরকারের কিছু দায়দায়িত্ব থাকত। এটা চলছে দীর্ঘদিন ধরে। কাজেই নীতিগত দায়দায়িত্ব যদি কারও থাকে, সেটা পূর্ববর্তী সব সরকারের। সেটাকে আমরা পরিবর্তন করতে পারিনি, পরিবর্তন করা সম্ভব না। কারণ, মানুষের এই নড়াচড়া বন্ধ করার সাধ্য এই সরকারের নেই, কোনো সরকারের ছিল না।’

তৌহিদ হোসেন বলেন, ‘নীতির দিক থেকে বলতে পারি, এ সরকার অনিয়মিত অভিবাসনের বিরুদ্ধে কথা বলে আসছে। এ সমস্যার সমাধান একমাত্র আসবে, যদি অনিয়মিত অভিবাসন বন্ধ করতে পারি। ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে মারা গেছে অথবা হাবুডুবু খেয়ে উদ্ধার হয়ে এসেছে এমন ব্যক্তির প্রতি সব ধরনের সহানুভূতি দেখায় গণমাধ্যমসহ সবাই। আমিও এ বিষয়ে সম্পূর্ণ একমত, তারা অবশ্যই ভিকটিম। কিন্তু পাশাপাশি আইন ভঙ্গ করে গ্রামের যে ছেলেটি এখান থেকে ট্যুরিস্ট ভিসা নিয়ে কেনিয়া যাচ্ছে, তার তো আসলে কেনিয়াতে ট্যুরিস্ট হিসেবে যাওয়ার সামর্থ্য নাই। আমাকে অসংবেদনশীল শোনালেও এ দুর্ঘটনাগুলো (ভূমধ্যসাগরে নৌকাডুবি) না ঘটুক। এ জন্য যারা ফিরে আসবে, তাদের সাহায্য নিতে হবে। খুব ভদ্রভাবে বললে সাহায্য নিতে গেলে অবশ্যই তাদের আটকাতে হবে এবং জানতে হবে কাকে টাকা দিয়েছে, সেই লোকগুলোকে আটকাতে না পারলে এ সমস্যার কোনো দিন সমাধান হবে না।’

ভিসা বন্ড সমস্যা সমাধানে মার্কিন সরকারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে কিনা– জানতে চাইলে উপদেষ্টা বলেন, অবশ্যই সাধারণ পদ্ধতিতে আমরা চেষ্টা করব, যেন এটা থেকে আমাদের অব্যাহতি দেওয়া হয়। চেষ্টা তো অবশ্যই করব।

আরও পড়ুন

সর্বশেষ